নিজস্ব সংবাদদাতা, আরএনবি : গ্ৰামীণ হাওড়া জেলার শ্যামপুর থানার অন্তর্গত কাঁঠালদহ বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের প্ল্যাটিনাম জুবিলী জন্মজয়ন্তী উৎসব, প্রাক্তনী সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান পালিত হল। এই উৎসব উপলক্ষ্যে বঙ্গভূমি সাহিত্য পত্রিকা (বাগনান, হাওড়া ) পরিবারের পক্ষ থেকে সমাজ সংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটি আবক্ষ মূর্তি প্রদান করা হয়। এই মূর্তিটি উদ্বোধন করেন রামকৃষ্ণ মিশন স্বামী বিবেকানন্দ পৈত্রিক আবাস ও সাংস্কৃতিক কেন্দ্রের সম্পাদক স্বামী জ্ঞানলোকানন্দ মহারাজ। উপস্থিত ছিলেন হাওড়া জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক শ্রী দীলিপ কুমার সাহা , শ্যামপুর উত্তরচক্রের অবর বিদ্যালয়ের পরিদর্শক মধুরিমা দাস , বঙ্গভূমি সাহিত্য পত্রিকার যুগ্ম সম্পাদক ড. অর্ণব দত্ত ও ড. সহদেব দোলুই, কাঁঠালদহ বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী অভিজিৎ প্রামানিক, প্রধান শিক্ষক ও পরিবেশ কর্মী শ্রী রাজদূত সামন্ত, অবসরপ্রাপ্ত শিক্ষক ও কবি-সাহিত্যিক শ্রী সঞ্জয় কুমার দে, স্বর্ণপদক প্রাপ্ত কবি শ্রী দীপঙ্কর পোড়েল, রবীন্দ্র সঙ্গীত শিল্পী সান্ত্বনা তরফদার, বাচিক শিল্পী সুমিত্রা ব্যানার্জী সহ বহু গুণী জন । এই মূর্তি প্রদান প্রসঙ্গে অনুষ্ঠানের উদ্বোধক স্বামী জ্ঞানলোকানন্দ মহারাজ বলেন,”বঙ্গভূমির সাহিত্য পত্রিকার এই কর্ম সত্যিই কুর্নিশ যোগ্য, যা সমাজকে বিশেষ বার্তা প্রদান করে।” হাওড়া জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক দিলীপকুমার সাহা বলেন ‘বঙ্গভূমি সাহিত্য পত্রিকার এই গঠনমূলক কর্ম প্রয়াসকে সাধুবাদ জানাই, এরফলে প্রাথমিক স্তরের বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে জাতীয় মনীষীদের সম্পর্কে ধারণা লাভে সমর্থ হবে।’
দুইদিন ব্যাপী এই প্ল্যাটিনাম জুবিলী উৎসবে ‘নবপল্লব’ নামে একটি স্মরণিকা প্রকাশিত হয়। এই মূর্তি প্রদান প্রসঙ্গে বঙ্গভূমি সাহিত্য পত্রিকার যুগ্ম সম্পাদক ড. অর্ণব দত্ত ও ড. সহদেব দোলুই বলেন “সাহিত্য ও সমাজ কল্যাণ তাদের অঙ্গীকার” এই বার্তাকে সফল করার জন্য এবং গ্রামীণ স্তরের শিক্ষার্থীদের দেশের ইতিহাস, সাহিত্য-সংস্কৃতি ও ঐতিহ্যকে স্মরণ করানোর জন্য এই পদক্ষেপ। বঙ্গভূমি সাহিত্য পত্রিকার সভাপতি দেবনারায়ণ দাস (প্রাক্তন ফরেস্ট রেঞ্জ অফিসার) বলেন আমাদের এই কর্মসূচি সার্থক রূপায়ণ হয়েছে বলে আমরা মনে করি।জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত কবি ড. দীপ্তি মুখার্জী অনুষ্ঠান সার্থক হবার শুভেচ্ছা বার্তা প্রেরণ করেন।

