নিজস্ব সংবাদদাতা, আরএনবি : মহিলা নিরাপত্তায় আরও এক ধাপ এগোল কলকাতা পুলিশ।আগে শহরে ‘উইনার্স’ নামে নারীদের নিরাপত্তার মহিলা পুলিশ কর্মীদের বাইক পেট্রোল টিম কাজ করত। এবার নতুন করে রাস্তায় নামল ‘SHINING’ মহিলা পুলিশ মোবাইল ইউনিট। এই বাহিনীর মূল কাজ হবে ইস্টার্ন বাইপাসসহ শহরের বড় রাস্তাগুলিতে রাতে যাতায়াত করা কর্মরতা মহিলাদের নিরাপত্তা দেওয়া। গোলাপি রঙের বিশেষ গাড়িতে এই টিম রাত ৮টা থেকে প্রায় ৬-৭ ঘণ্টা টহল দেবে।’SHINING’নামটি দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং।এর পাশাপাশি চালু হয়েছে সম্পূর্ণ মহিলা পুলিশকর্মীদের পরিচালিত ‘পিঙ্ক বুথ’। প্রথমে পাঁচটি গুরুত্বপূর্ণ মোড়ে এই বুথ বসানো হয়েছে – শ্যামবাজার পাঁচমাথা মোড়, উল্টোডাঙা মোড়, বেহালা চৌরাস্তা, কাঁকুড়গাছি মোড় এবং গড়িয়াহাট মোড়।বুথগুলো বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত খোলা থাকবে। সন্ধ্যা বা রাতে চলাচলের সময় কোনও সমস্যায় পড়লে মহিলারা এখানে এসে সরাসরি সাহায্য নিতে পারবেন।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগরপাল সুপ্রতিম সরকারসহ অন্যান্য আধিকারিকরা।মহিলা সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই কলকাতা পুলিশ এই উদ্যোগ নিয়েছে, যাতে শহরের প্রতিটি মহিলা নিজেকে নিরাপদ ও সুরক্ষিত মনে করতে পারেন।

