সুইতা পাল, নিজস্ব সংবাদদাতা, আরএনবি : উত্তরবঙ্গে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার জন্য বিশেষ উদ্যোগ নিল রাজ্য সরকার। প্রাকৃতিক দুর্যোগে ফসলের অনেক ক্ষতি হওয়ায় “বাংলা শস্য বিমা প্রকল্পে” দ্রুত কৃষকদের নাম নথিভুক্ত করার জন্য কৃষি দপ্তরের উদ্যোগে শুরু হয়েছে বিশেষ এক শিবির। কৃষি দপ্তরের আধিকারিকরা কৃষকদের সঙ্গে কথা বলছেন, যাতে কেউ বিমার সুবিধা থেকে বঞ্চিত না হন।
নবান্ন সূত্রে জানা গিয়েছে, উত্তরবঙ্গের চারটি জেলায় ফসলের অত্যধিক ক্ষতির আশঙ্কা রয়েছে। প্রাথমিক রিপোর্টে দেখা গেছে, প্রায় ১৮ হাজার ৪৫২ হেক্টর কৃষিজমি জলের নিচে চলে গিয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে জলপাইগুড়ি জেলায়, যেখানে প্রায় ১৩ হাজার ৯৫৩ হেক্টর জমি প্লাবিত হয়েছে। আলিপুরদুয়ারে ৩,৪৯৫ হেক্টর, দার্জিলিংয়ে ৫৮২ হেক্টর এবং কোচবিহারে ৪২২ হেক্টর জমি জলে ডুবে রয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ধান ও ভুট্টা চাষের।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, পঞ্চায়েতমন্ত্রী ও কৃষি বিশেষজ্ঞ প্রদীপ মজুমদার বুধবার উত্তরবঙ্গে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করেন। তিনি বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখে কৃষিক্ষেত্রে ক্ষতির বিস্তারিত রিপোর্ট মুখ্যমন্ত্রীর কাছে জমা দেবেন।
সাধারণ মানুষ যাতে ন্যায্যমূল্যে শাকসবজি ও অন্যান্য খাদ্যসামগ্রী পান, তার জন্য কৃষি বিপণন দপ্তর অতিরিক্ত ২৯টি চলমান সুফল বাংলা স্টল চালু করেছে। দুর্গত এলাকায় ত্রাণ হিসেবে ১৫০ কুইন্টাল আলু-সহ বিভিন্ন খাদ্যদ্রব্য পাঠানো হয়েছে সুফল বাংলার বিভিন্ন কেন্দ্র থেকে।

