নিজস্ব সংবাদদাতা, আরএনবি: শুক্রবার ঘটে গেল এক রহস্যজনক মৃত্যু। পূর্ব মেদিনীপুরের তমলুকে ভাড়াবাড়িতে রহস্যজনক মৃত্যু হল মহিলা চিকিৎসকের। মৃতার নাম শালিনী দাস (বয়স ৩২)। কলকাতার দমদম এলাকার বাসিন্দা ছিলেন। তিনি পেশায় অ্যানেস্থেসিয়া চিকিৎসক, দমদমের বাসিন্দা হলেও কর্মসূত্রে তমলুকে থাকতেন। তিনি তিন মাস ধরে কাঁথি মহকুমা সরকারি হাসপাতালে কর্মরত ছিলেন।
শুক্রবার দুপুরে শালগাছিয়া এলাকায় ঘটে এই ঘটনা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মহিষাদল ও তমলুকের দুটি নার্সিংহোমে অপারেশনের কাজে গিয়েছিলেন শালিনী। সেখানেই অসুস্থ বোধ করেন এবং সহকর্মী চিকিৎসকদের পরামর্শে হাতে চ্যানেল করে ইনজেকশন নেন। পরে কিছুটা সুস্থ বোধ করায় বাড়ি ফিরে আসেন।
বাড়ি ফিরে সরাসরি বাথরুমে যান তিনি। কিছুক্ষণ পর বাড়ির পরিচারিকা বাথরুমের বাইরে রক্তাক্ত অবস্থায় তাঁকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখেন। চিৎকার শুনে মা কবিতা দাস ছুটে আসেন। দ্রুত তাঁকে তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজে ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
পরিবারের দাবি, সকালে বেরোনোর সময় তাঁর হাতে চ্যানেল ছিল না, কিন্তু মৃত্যুর সময় দেখা যায় হাতে চ্যানেল করা আছে এবং সেখান থেকে রক্ত পড়ছিল। এই ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।

