বুদ্ধদেব মণ্ডল: উদয়নারায়ণপুর – অবশেষে সজলধারার জল মিলল।চালু হল উদয়নারায়ণপুর ব্লকের কুমিরমোড়া P.W.S.S. জলপ্রকল্পটি। দীর্ঘদিনের জলসমস্যা থেকে মুক্তি পেল কুমিরমোরা, পুরপাট,চক্-বহরমপুর,জাগলদহ,নরনারায়ণচকের মতো ৫টি মৌজার ২-হাজারটি পরিবার।এলাকার মানুষের জলের চাহিদা মেটানোর জন্য প্রকল্পটির কাজ শুরু হয়েছিল এক বছর আগে। হাওড়া ডিভিশন P.H.E.D-র অধীনে প্রকল্পটি রূপায়ণের দায়িত্বে ছিল হাওড়া ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার।নরনারায়ণচকের বকুলতলায় গভীর নলকূপ খনন করা হয়।হাফ কি.মি. দূরত্বে দামোদর নদ ঘেঁষা ফুটবল মাঠের দক্ষিণ দিকে দুই লক্ষ লিটারের ট্যাঙ্ক থেকে জল সরবরাহের কাজ শুরু হয় ৬ মাস আগে।সম্প্রতি বাকি রয়ে যাওয়া ৭০টি পরিবার নতুন করে প্রকল্পটির মাধ্যমে জল পরিষেবা পেতে শুরু করেছে। এতদিনে শুধুমাত্র পুকুর ও নদের জল ব্যবহার করা থেকে নিষ্কৃতি পাওয়ার জন্যে উক্ত পরিবারগুলি হাওড়া P.H.E.D-র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।

