নিজস্ব সংবাদদাতা, আরএনবি : গ্রামীণ হাওড়ার শ্যামপুর থানার অন্তর্গত আহমদ গ্রাম পঞ্চায়েতের পাইকবার গ্রামে মন্দিরে চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে পাইকবার গ্রামের প্রাচীন মনসা মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে।
বুধবার ভোরে স্থানীয় বাসিন্দারা প্রাতঃভ্রমণে বেরিয়ে মন্দিরের একাধিক তালা ভাঙা অবস্থায় দেখতে পান। মুহূর্তের মধ্যেই খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা ও আতঙ্কের সৃষ্টি হয়। মন্দির কর্তৃপক্ষের অভিযোগ, দেবীর একাধিক সোনার গহনা ও প্রণামী বাক্সে থাকা নগদ টাকা চুরি গেছে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় শ্যামপুর থানার পুলিশ। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে এবং দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। প্রাথমিকভাবে এটি পরিকল্পিত চুরি বলেই অনুমান করা হচ্ছে।
উল্লেখ্য, শীতের শুরুতেই গ্রামীণ হাওড়ার বিভিন্ন এলাকায় একের পর এক মন্দিরে চুরির ঘটনা সামনে আসছে। ফলে ধর্মীয় স্থানগুলির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। স্থানীয় বাসিন্দারা মন্দিরগুলিতে পর্যাপ্ত নিরাপত্তা ও নিয়মিত পুলিশি নজরদারির দাবি জানিয়েছেন।

