নিজস্ব সংবাদদাতা,আরএনবি : নন কোনো সেলিব্রেটি।নন কোনো পদস্থ আধিকারিক। চাকুরী জীবী ও নন। দিন আনা দিন খাওয়া মানুষ।পেশায় একজন চা দোকানী। তবুও তিনি সেলিব্রেটি বাগনানের বাসযাত্রী,রেলযাত্রী সহ দুঃস্থ – অসহায় মানুষজনদের কাছে। তাঁকে সেলিব্রেটি করেছে তাঁর নিরন্তর সমাজসেবা করা।বাগনান বাসস্ট্যান্ড থেকে রেল স্টেশনের যাত্রী থেকে আধিকারিক সবাই তাঁকে চেনে।রেল যাত্রী থেকে অসহায় , মুমুর্ষুজন, দুঃস্থদের তিনি ত্রাতা ও দেবদূত।নাম সেখ আক্তার আলি। দক্ষিণ – পূর্ব রেলের হাওড়া – খড়্গপুর শাখার বাগনান একটি জনবহুল ও গুরুত্বপূর্ণ রেল স্টেশন।বাগনান স্টেশনে সমস্ত লোকাল ট্রেনের পাশাপাশি কয়েকটি এক্সপ্রেস ট্রেন ও দাঁড়ায়।এই ট্রেন গুলি থেকে প্রত্যহ হাজার হাজার যাত্রী ওঠানামা করে। বাগনান এবং তার আশেপাশের গ্ৰামগুলিতে দুর্গা পূজার নানান নয়া থিম ও মন্ডপের কারুকাজের জন্য খ্যাতি রয়েছে। এই টানে পুজোর চারদিন ধরে দিনরাত ট্রেনে চেপে বাসে করে দূর – দূরান্ত থেকে যাত্রীরা আসেন। ভিড়ের পরিস্থিতি সামাল দিতে আর,পি,এফ – জি আর পি র ও প্রশাসনিক আধিকারিক ও কর্মীরা নিযুক্ত থাকেন। বাগনান রেল স্টেশনের ৫ নং নতুন টিকিট কাউন্টারের পাশেই আক্তার আলির চা দোকান।চা দোকান চালানোর পাশাপাশি পুজার চার দিন বাগনানে দুর্গা প্রতিমা দর্শনের জন্য রেলে,বাসে করে আসা যাত্রীদের বিনামূল্যে জল,বাতাসা, বাচ্ছাদের জন্য গরম দুধ, বিস্কুট, লজেন্স এবং সবার জন্য প্রাথমিক চিকিৎসা সহ ঔষধ দিয়ে থাকেন নিজের অর্থেই। পুজার এই চার দিনের পাশাপাশি সারা বৎসর ধরেই মানুষজন ও রেল যাত্রীদের রেল লাইন পারাপার এর সতর্কতা, ওভার ব্রিজ ব্যবহার করা, মহিলা কামরায় পুরুষরা যাতে না ওঠে, প্ল্যাটফর্মে কোনো জিনিষ পড়ে থাকলে তাতে হাত না দেওয়া, প্ল্যাটফর্মে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে আইন নিজ হাতে না নিয়ে রেল আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করার জন্য নিরন্তর মাইকে প্রচার করেন। তিনি এই কাজ করেই চলেছেন তাঁর চা দোকান চালিয়ে তা থেকে জমানো টাকায়।এই কাজের জন্য তিনি আজ পর্যন্ত কারো কাছে সাহায্যের জন্য হাত পাতে নি। তাঁর এই কাজ নিরবিচ্ছিন্নভাবে ১০ বৎসরে পড়ল।এই বৎসরে এই কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য বাগনান সহ আশেপাশের গ্ৰামগুলিতে তিনি প্রচার ফ্লেক্স টাঙিয়েছেন। তাঁর এই সমাজসেবামূলক কাজ এই বৎসরে তিনি উৎসর্গ করেছেন বিভিন্ন মনিষীদের নামে।এই বৎসর তাঁর সেবা কর্মের কাজ পুজোর চারদিন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ইতিমধ্যে জোর কদমে প্রস্তুতি শুরু করে দিয়েছেন।জল ,দুধ, বিস্কুট, লজেন্স, ঔষধ কিনতে তিনি ব্যস্ত হয়ে পড়েছেন।


