নিজস্ব সংবাদদাতা,আরএনবি : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ত্যাগ, সেবার আদর্শকে পাথেয় করে – বিরেশ্বর বিবেকানন্দের অমোঘ বাণী ” জীবে প্রেম করে যেজন,সেজন সেবিছে ঈশ্বর ” এই বাণীকে সামনে রেখে পশ্চিমবঙ্গের গ্ৰামীণ হাওড়া জেলার আমতা ২ নং ব্লকের সমাজ সচেতনতা মুলক স্বেচ্ছাসেবী সংগঠন ”ডট ফাউন্ডেশন ” এর সদস্য – সদস্যারা সমাজের হিতে দেশের স্বার্থে দুঃস্থ – অসহায়, মুমুর্ষু মানুষদের সুখে – দুঃখে সাথি হয়ে তাদের দুঃখ – আনন্দকে ভাগ করে নিতে, তাদের নানান সমস্যা – সমাধানে নিঃস্বার্থে কাজ করার অঙ্গীকারবদ্ধ হন। এই ফাউন্ডেশন এর সদস্য – সদস্যরা দীর্ঘ কয়েক বৎসর ধরে হাওড়া, হুগলি জেলার প্রত্যন্ত গ্ৰাম গুলিতে সমাজসেবামূলক কাজ, সচেতনতা শিবির সহ মানবিক উদ্যোগে নিরন্তর কাজ করে চলেছেন।
এবার এই মানবিক কর্মসূচি রূপায়ণ হল পশ্চিমবঙ্গের পুরুলিয়ার পাশাপাশি পাশ্ববর্তী রাজ্য ঝাড়খন্ডে। ” ডট ফাউন্ডেশন ” এর সভাপতি প্রতাপ বর এর” টাকা চাই না, আমাদের পাশে থাকুন । আমাদের সমস্যা সমাধানে এগিয়ে আসুন ” । এই আবেদনে সাড়া দিয়ে ওনার সহযোগিতায় ” ডট ফাউন্ডেশন ” পরিবার এর ৩০ জন সদস্য – সদস্যা দুর্গা পূজার আনন্দকে ভাগ করে নিতে পশ্চিমবঙ্গের পুরুলিয়ার ডুয়ারসিনী এবং রাজগ্ৰাম, পশ্চিমবঙ্গ ছাড়িয়ে পাশ্ববর্তী রাজ্য ঝাড়খন্ডের ঘাটশিলায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মানুষদের সাহায্যার্থে পৌঁছে গিয়েছিল, সেখানের মানুষদের মুখে এক চিলতে হাসি ফোটানোর জন্য।
ডুয়ারসিনী ” ভূমিজ রিট্রিট ” এ পড়তে আসা জনগোষ্ঠী কচিকাঁচা ৭০ জন পড়ুয়াদের হাতে শিক্ষা সামগ্রী হিসেবে খাতা ও পেন উপহার হিসেবে তুলে দেওয়া হয়।রাজগ্ৰাম গ্ৰামের কচিকাঁচা ২০০ জন পড়ুয়াদের হাতে শিক্ষা সামগ্রী হিসেবে খাতা ও পেন উপহার হিসেবে তুলে দেওয়া হয়। এই গ্ৰামের ১০০ টি পরিবারের বসবাসকারী ৭০০ জনের হাতে নতুন বস্ত্র হিসাবে শাড়ি,জামা – প্যান্ট, গেঞ্জি উপহার হিসেবে তুলে দেওয়া হয়।
খাতা,পেন, নতুন বস্ত্র উপহার পেয়ে কচিকাঁচা পড়ুয়ারা আনন্দে আপ্লুত ও আত্নহারা হয়ে পড়ে।” ডুয়ারসিনী “, ” রাজগ্ৰাম ” এবং ” ঘাটশিলা ” – র মানুষেরা ” ডট ফাউন্ডেশন ” এর সদস্য – সদস্যাদের এই মানবিক উদ্যোগের জন্য দু ‘ হাত তুলে আর্শীবাদ করেন। এই মানবিক উদ্যোগে সকলেই খুশি। পুজোর আগে নতুন শাড়ি, শিশুদের জামা – প্যান্ট উপহার হিসেবে পেয়ে খুশিতে ভরে উঠে মায়েদের মুখ। তাঁদের মতে, এই সামান্য উপহারই উৎসবের আনন্দকে আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে।
” ডট ফাউন্ডেশন ” এর সম্পাদক পরিবেশ কর্মী দীপঙ্কর পোড়েল বলেন, ” শারীরিক শক্তি, সহিংসতা বা অস্ত্রের ধ্বংস ক্ষমতার চেয়ে জ্ঞান,যুক্তি এবং লেখার মাধ্যমে মানুষের মন জয় করা ও পরিবর্তন অনেক বেশি কার্যকরী ও স্থায়ী ” । মানবিক উদ্যোগ কর্মসূচি এখানে পালনের শেষে ” ডট ফাউন্ডেশন ” এর ৩০ জন সদস্য – সদস্যা ‘ ঝরানী ঝর্ণা ” ,” সুবর্ণ রেখা ” নদী সহ অন্যান্য দ্রষ্টব্য স্থান ঘুরে দেখেন।


