নিজস্ব সংবাদদাতা, আরএনবি: গত ৩রা এপ্রিল ২০২৬,‘অভিযান’ পত্রিকার উদ্যোগে কলকাতার নলিনী গুহ সভাঘরে এক জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হল রায়গুণাকর ভারতচন্দ্র স্মৃতি পুরস্কার প্রদান অনুষ্ঠান ২০২৬ ও কবি সম্মেলন। বিকেল চারটে থেকে শুরু হওয়া এই সাংস্কৃতিক আসরে উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট কবি, সাহিত্যিক ও সংস্কৃতিপ্রেমী মানুষ, বিশিষ্ট গুণীজনদের উজ্জ্বল উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত ও সাহিত্যচর্চায় ভরপুর।অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল প্রখ্যাত কবি অজিত বাইরি ও কবি অদীপ ঘোষের হাতে ‘রায়গুণাকর ভারতচন্দ্র স্মৃতি পুরস্কার’ তুলে দেওয়া। তাঁদের সাহিত্যকর্মের স্বীকৃতিস্বরূপ এই সম্মান প্রদান করা হয়, যা উপস্থিত দর্শকদের করতালিতে মুখরিত করে তোলে সভাঘর।এছাড়াও সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি অনন্ত দাস, কমল দে সিকদার, গৌরশঙ্কর বন্দ্যোপাধ্যায়, সত্যপ্রিয় মুখোপাধ্যায়, নীলোৎপল গুহ, সৈয়দ হাসমত জালাল, তপন গোস্বামী, নৃপেন চক্রবর্তী ও অশোক অধিকারী। তাঁদের উপস্থিতি ও বক্তব্য অনুষ্ঠানের মর্যাদা আরও বৃদ্ধি করে।কবি সম্মেলনের পর্বে একের পর এক কবিতাপাঠে মুগ্ধ হয়ে যান শ্রোতারা। নবীন ও প্রবীণ কবিদের কণ্ঠে ধ্বনিত হয় বিভিন্ন স্বাদের কবিতা, যা সাহিত্যপ্রেমীদের মন ছুঁয়ে যায়।উল্লেখযোগ্যভাবে, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট বাংলাদেশি কবি আব্দুল সানি, যিনি বাংলাদেশের পতাকা আবৃত করে দুই পুরস্কারপ্রাপ্ত কবিকে আপন করে নেন। এই আবেগঘন মুহূর্তটি অনুষ্ঠানে বিশেষ তাৎপর্য যোগ করে।সব মিলিয়ে, এই অনুষ্ঠান শুধু পুরস্কার প্রদানেই সীমাবদ্ধ থাকেনি, বরং বাংলা সাহিত্য ও সংস্কৃতির এক অনন্য মিলনক্ষেত্র হয়ে উঠেছিল, যা আগামী দিনেও সাহিত্যচর্চাকে আরও এগিয়ে নিয়ে যেতে অনুপ্রেরণা জোগাবে।

