নিজস্ব সংবাদদাতা,আরএনবি:আরও এক ঐতিহাসিক সংযোজন হলো উলুবেরিয়ায়।হাওড়া জেলার উলুবেড়িয়ার ১০ নম্বর সংযোগস্থলে স্থাপন করা হলো ২৩ ফুট উচ্চতার নেতাজির মূর্তি।মহান স্বাধীনতা সংগ্রামী এবং আজাদ হিন্দ ফৌজের সর্বাধিনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি শ্রদ্ধা জানাতেই এই মূর্তি স্থাপন করা হয়েছে।রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর অনুপ্রেরণায় এই উদ্যোগ বাস্তবায়িত হয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।শনিবার সন্ধ্যায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে মূর্তিটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের বিধায়ক নির্মল মাঝি।ওইদিন বিধায়ক নির্মল মাঝি- ফিতে কেটে এবং মূর্তির আবরণ উন্মোচন করে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বহু মানুষ।গোটা এলাকা জুড়ে ছিল এক উৎসবমুখর পরিবেশ।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক নির্মল মাঝি বলেন, “নেতাজি সুভাষচন্দ্র বসু শুধু বাংলার নয়,সমগ্র দেশের গর্ব। তাঁর আদর্শ,সাহস ও আত্মত্যাগ আমাদের সব সময় দেশপ্রেমের শিক্ষা দেয়।নতুন প্রজন্মের কাছে সেই আদর্শ পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য।”উদ্বোধন উপলক্ষে আয়োজিত হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও। এলাকার শিশু-কিশোররা উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করে অনুষ্ঠানের সূচনা করে।এরপর দেশাত্মবোধক গান,নৃত্য ও আবৃত্তির মাধ্যমে নেতাজির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।স্থানীয় বাসিন্দাদের মতে, উলুবেড়িয়ার গুরুত্বপূর্ণ এই সংযোগস্থলে নেতাজির মূর্তি স্থাপন হওয়ায় এলাকার সৌন্দর্য যেমন বৃদ্ধি পেয়েছে,তেমনি নতুন প্রজন্মের কাছে নেতাজির আদর্শ তুলে ধরার ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

