নিজস্ব সংবাদদাতা,আরএনবি: ভোটের মুখে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় গতি আনল রাজ্য। একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ পদে অপেক্ষার অবসান ঘটতে চলেছে বলে সূত্রের খবর।রাজ্যের স্কুল শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে,আগামী সপ্তাহেই কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।ইতিমধ্যেই ১৮ হাজার সফল প্রার্থীর নামের তালিকা প্রকাশ হয়েছে।একাদশ-দ্বাদশ স্তরে মোট শূন্যপদ রয়েছে ১২ হাজার ৪৪৫টি।কীভাবে এগোবে এই প্রক্রিয়া। আগামী সপ্তাহেই কাউন্সেলিং সংক্রান্ত বিস্তারিত সূচি প্রকাশ।বিষয়ভিত্তিক কাউন্সেলিংয়ের দিনক্ষণ জানানো হবে পৃথকভাবে।এসএসসি-র ওয়েবসাইটে আপডেট করা হবে সমস্ত তথ্য।প্রার্থীদের শূন্যপদ থাকা স্কুলগুলির মধ্যেই নিজেদের পছন্দমতো স্কুল বেছে নিতে হবে।কাউন্সেলিং শেষে সফল প্রার্থীদের সুপারিশপত্র পাঠানো হবে সংশ্লিষ্ট দফতরে।মার্চের শুরু থেকেই নিয়োগপত্র দেওয়ার প্রক্রিয়া শুরু হওয়ার সম্ভাবনা।অন্যদিকে ভোটের আগে তৎপরতা নিয়ে রাজনৈতিক মহলেও জল্পনা শুরু হয়েছে।আসন্ন নির্বাচনের আগে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার ক্ষেত্রে প্রশাসন তৎপর।দীর্ঘদিন ধরে আটকে থাকা নিয়োগ নিয়ে প্রার্থীদের ক্ষোভ ছিল।সেই প্রেক্ষিতে দ্রুত কাউন্সেলিং ও নিয়োগপত্র বিতরণের উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে।তবে প্রশাসনিক সূত্রের দাবি, এটি নিয়মিত প্রক্রিয়ার অংশ এবং আদালতের নির্দেশ ও শূন্যপদের প্রয়োজন মেনেই এগোনো হচ্ছে।
সব মিলিয়ে,মার্চের শুরুতেই একাদশ-দ্বাদশ স্তরে নতুন শিক্ষকদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়ার প্রস্তুতি শুরু হয়েছে। এখন নজর রাখতে হবে আগামী সপ্তাহের কাউন্সেলিং বিজ্ঞপ্তির দিকে।

