নিজস্ব সংবাদদাতা,আরএনবি: আজ ভোররাতে হাওড়া জেলার জগৎবল্লভপুর থানার অন্তর্গত আমতা-রানীহাটি মোড় এলাকায় একটি মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটে। রানীহাটি থেকে আমতার দিকে যাওয়ার সময়, আমতা ইন্ডাস্ট্রিয়াল পার্ক সংলগ্ন ১০ নম্বর এলাকার মাঝামাঝি একটি টার্নিংয়ে প্রায় রাত ১টা নাগাদ নিয়ন্ত্রণ হারিয়ে একটি ৪ চাকা প্রাইভেট গাড়ি রাস্তার পাশের নয়ন জলিতে পড়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার সময় এলাকায় ঘন কুয়াশা ছিল। পাশাপাশি গাড়ির চালক মদ্যপ অবস্থায় ছিলেন বলেও অভিযোগ উঠেছে। এই দুই কারণেই চালক গাড়ির উপর নিয়ন্ত্রণ হারান বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিতে চালকসহ মোট পাঁচজন আরোহী ছিলেন।
দুর্ঘটনার পরপরই স্থানীয় পথচারী ও এলাকার বাসিন্দারা এগিয়ে এসে উদ্ধারকাজ শুরু করেন। তাঁদের সহযোগিতায় আহতদের দ্রুত গাড়ি থেকে বের করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে চিকিৎসক একজন আরোহীকে মৃত বলে ঘোষণা করেন। মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে।
ঘটনার পর বাকি চারজন আরোহী ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানা গেছে। দুর্ঘটনার খবর পেয়ে জগৎবল্লভপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং পলাতক চারজনের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।
এই দুর্ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছে।

