নিজস্ব সংবাদদাতা,আরএনবি: কোচবিহারের দিনহাটা ব্লকের বড় আটিয়াবাড়িতে সামনে এল এক হৃদয়বিদারক ঘটনা।এসআইআর শুনানির জন্য লাইনে দাঁড় করানো হল ৯৬ বছরের বৃদ্ধ নিখিলচন্দ্র সরকারকে।পরিবারের দাবি, নিখিলচন্দ্র সরকার ইতিমধ্যেই দু’বার স্ট্রোক করেছেন।তিনি শারীরিকভাবে অত্যন্ত দুর্বল হওয়া সত্ত্বেও তাঁকে শুনানি কেন্দ্রে হাজির হতে বাধ্য করা হয়।অসুস্থ বৃদ্ধকে লাইনে দাঁড় করিয়ে রাখার ঘটনায় ক্ষোভ ছড়িয়েছে এলাকায়।
সবচেয়ে উদ্বেগের বিষয়,নির্বাচন কমিশনের আপলোড করা তালিকায় নিখিলচন্দ্র সরকারের নাম নেই।অথচ পরিবারের দাবি, তিনি ২০০২ সাল থেকেই নিয়মিত ভোট দিয়ে আসছেন।হঠাৎ করে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ায় চরম সমস্যায় পড়েছে পরিবার।
পরিজনদের অভিযোগ,এটি সম্পূর্ণ কমিশনের গাফিলতি।বয়স ও শারীরিক অবস্থার কথা না ভেবেই বৃদ্ধকে হয়রানি করা হচ্ছে।
এলাকাবাসীদের প্রশ্ন,এইভাবে প্রবীণ ও অসুস্থ মানুষদের শুনানির নামে হেনস্থা করা কি আদৌ মানবিক?প্রশাসনের কি কোনও বিকল্প ব্যবস্থা নেওয়া উচিত ছিল না?ঘটনাকে কেন্দ্র করে নির্বাচন প্রক্রিয়ার মানবিক দিক নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।বিশেষ করে বয়স্ক ও অসুস্থ নাগরিকদের ক্ষেত্রে আরও সংবেদনশীল ও সহানুভূতিশীল ব্যবস্থা নেওয়ার দাবি জোরালো হচ্ছে।

