নিজস্ব সংবাদদাতা, আরএনবি: মাননীয়া মুখ্যমন্ত্রীর ঐকান্তিক ও মানবিক উদ্যোগে পশ্চিমবঙ্গের প্রত্যন্ত অঞ্চলের আমাদের প্রিয় উদয়নারায়ণপুর বিধানসভা কেন্দ্রের ১৬টি গ্রাম পঞ্চায়েত এলাকায় চালু হলো অত্যাধুনিক ভ্রাম্যমাণ চিকিৎসা যান পরিষেবা। মানুষের দোরগোড়ায় চিকিৎসাকে পৌঁছে দেওয়ার অভিপ্রায়ে সূচিত এই কর্মসূচি নিঃসন্দেহে স্বাস্থ্য পরিকাঠামোকে আরও শক্তিশালী করে তুলবে এবং বহু মানুষের জীবন ও জীবিকাকে সুরক্ষা দেবে।
আজ উদয়নারায়ণপুর বিধানসভা এলাকার প্রথম স্বাস্থ্য পরীক্ষা শিবিরের শুভ সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় বিধায়ক সমীর কুমার পাঁজা মহাশয়। তিনি এই ঐতিহাসিক মুহূর্তে সকলের সঙ্গে অংশগ্রহণ করে মাননীয়া মুখ্যমন্ত্রীর এই মহতী পদক্ষেপের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তাঁর কথায় এই মোবাইল মেডিক্যাল ইউনিট প্রকল্প শুধুমাত্র একটি পরিষেবা নয়, এটি মানুষের প্রতি দিদির অগাধ মমতা ও মানবকল্যাণের প্রতিশ্রুতির প্রতিফলন।
গ্রামবাংলার অসংখ্য মানুষের জন্য দূর-দূরান্তের স্বাস্থ্যকেন্দ্রে ছুটে যাওয়া কঠিন। সেখানে এই চলমান স্বাস্থ্যসেবার মাধ্যমে চিকিৎসা, নানান পরীক্ষা-নিরীক্ষা এবং প্রাথমিক চিকিৎসার সুবিধা এখন পৌঁছে যাবে সরাসরি তাঁদের ঘরে ঘরে। বিশেষত প্রবীণ, নারী, শিশু এবং দূরবর্তী এলাকার বাসিন্দারা এর মাধ্যমে উপকৃত হবেন।
সমীর কুমার পাঁজা মহাশয় জানান, উদয়নারায়ণপুরবাসীর জন্য এটি এক অনন্য উপহার। স্বাস্থ্যই সমৃদ্ধির ভিত্তি এই উপলব্ধি থেকে দিদি যে উদ্যোগ গ্রহণ করেছেন, তা মানবকল্যাণের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

