নিজস্ব সংবাদদাতা,আরএনবি : কলকাতার সরকারি হাসপাতালে ফের সক্রিয় দালাল চক্র। রোগীদের আত্মীয়দের কাছ থেকে টাকা তুলে চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হয় দুই জনকে।গতকাল সন্ধেবেলায় সাদা পোশাকের গোয়েন্দারা বিশেষ অভিযান চালায় লালবাজারের ডিটেকটিভ ডিপার্টমেন্ট।
সূত্র অনুযায়ী,কলকাতা মেডিক্যাল কলেজ থেকে সচিন রাউথ নামে এক ব্যক্তিকে এবং SSKM হাসপাতাল থেকে গোলাম রসুল নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।দুই অভিযুক্তকেই আজ আদালতে পেশ করা হবে।
মাত্র মাসখানেক আগে স্বাস্থ্য পরিষেবায় বহিরাগতদের ভূমিকা ও দালাল চক্র নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।তিনি SSKM-এ নিরাপত্তা জোরদার করার জন্য আরও CCTV ক্যামেরা বসানোর নির্দেশ দেন।তবুও পরিস্থিতির পরিবর্তন না হওয়ায় উঠছে প্রশ্ন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে,এই দুই ব্যক্তি নিজেদের হাসপাতালের কর্মী বলে পরিচয় দিতেন।বিভিন্ন চিকিৎসা পরিষেবা,বেড,টেস্ট বা দ্রুত রিপোর্টের আশ্বাস দিয়ে রোগীর পরিজনদের কাছ থেকে টাকা আদায় করতেন।বিনিময়ে মিলত হয়রানি এবং প্রতারণা।
এই ঘটনার পর হাসপাতাল চত্বরে নজরদারি আরও বাড়ানো হচ্ছে বলে জানা গিয়েছে।গোয়েন্দারা মনে করছেন,এই চক্রে আরও বড় কোনো মাথা কাজ করছে।অবিলম্বে তাদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে।

