নিজস্ব সংবাদদাতা, আরএনবি : আগামী বুধবার খড়িয়প গ্রামের শতাব্দী প্রাচীন শ্মশান কালীপূজোকে কেন্দ্র করে এখন গ্রামজুড়ে উৎসবের আমেজ। চারদিকে যেন নতুন করে জেগে উঠেছে প্রাণ। কালীমায়ের মূর্তি গড়ার কাজে ব্যস্ত শিল্পীরা কাদামাটির গন্ধে, তুলির টানে, আর আলো-আঁধারির ছোঁয়ায় ধীরে ধীরে ফুটে উঠছে মায়ের ঐশ্বরিক রূপ। গ্রামবাসী থেকে দূরদূরান্তের মানুষ সকলের মুখে একটাই কথা, “আর কতদিন বাকি!”
পথঘাট সাজাতে শুরু হয়েছে, বাঁশের খুঁটি গাঁথা, রঙিন কাগজ আর আলোর ঝলকানিতে সাজো সাজো রব। প্রতিটি বাড়িতে চলছে পরিষ্কার পরিচ্ছন্নতা, রান্নাঘরে বিশেষ খাবারের প্রস্তুতি। পুজোমণ্ডপের চারপাশে ভিড় বাড়ছে প্রতিদিনই কেউ সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে, কেউবা শুধু দাঁড়িয়ে দেখছে মূর্তি গড়ার অপূর্ব শিল্পকর্ম।
১৯ নভেম্বর, অগ্রহায়নের ২ তারিখ এই দিনটিকে ঘিরে খড়িয়প গ্রাম যেন নতুন আলোয় সেজে উঠছে। ভক্তদের মনে প্রত্যাশা, আনন্দ আর ভক্তিভাবের ঢেউ। শতাব্দী প্রাচীন এই শ্মশান কালীপূজোর মাহাত্ম্য যেন প্রতিটি মানুষকে ছুঁয়ে যায়, আর উৎসবের আবহ গ্রামকে পরিয়ে দেয় এক অনন্য, পবিত্র সৌন্দর্যে।

