নিজস্ব সংবাদদাতা, আরএনবি: ডায়মন্ড হারবারে এক মর্মান্তিক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। কাকদ্বীপে এক আইনজীবীর চেম্বার থেকে উদ্ধার হয়েছে ল’ কলেজের প্রথম বর্ষের এক ছাত্রীর ঝুলন্ত দেহ। বুধবার সকালে বাড়ি থেকে বেরিয়ে যায় সে, এরপর দীর্ঘ সময় কেটে গেলেও বাড়ি না ফেরায় উদ্বিগ্ন পরিবার খোঁজ শুরু করে। পরে আইনজীবীর চেম্বার থেকেই তার নিথর দেহ উদ্ধার হয়।
ঘটনার খবর পেয়ে কাকদ্বীপ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। প্রাথমিক তদন্তে আত্মহত্যার আশঙ্কা করা হলেও, পুলিশ সব দিক খতিয়ে দেখছে। ছাত্রীর মোবাইল ফোন ও ব্যক্তিগত নথি পরীক্ষা করে দেখা হচ্ছে।
স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠীরা জানিয়েছেন, ওই ছাত্রী পড়াশোনায় মেধাবী ও প্রাণবন্ত স্বভাবের ছিল। এমন সিদ্ধান্ত কেন নিল, তা বুঝে উঠতে পারছেন না কেউই। পুলিশ সূত্রে জানা গেছে, মানসিক চাপ নাকি অন্য কোনো কারণে এই মৃত্যু তা জানতে তদন্ত চলছে। রহস্যঘন এই মৃত্যুকে কেন্দ্র করে এলাকাজুড়ে চাঞ্চল্যের পাশাপাশি তৈরি হয়েছে গভীর শোকের পরিবেশ।

