নিজস্ব সংবাদদাতা, আরএনবি:দিল্লিতে বিস্ফোরণের ঘটনার পরই বাংলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। রাস্তায় বাড়ানো হয়েছে পুলিশ টহল ও নাকা চেকিং। শহরে ঢোকা ও বেরনোর সময় প্রত্যেকটি গাড়ি ভালোভাবে পরীক্ষা করা হচ্ছে।
লালবাজার থেকে সব থানাকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে মেট্রো স্টেশনগুলিতে নিরাপত্তা বাড়ানো হয়েছে। যাত্রীদের ব্যাগ ভালোভাবে পরীক্ষা করা হচ্ছে। শুধু কলকাতাই নয়, হাওড়া ও শিয়ালদহ স্টেশনেও নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে।
চন্দননগর পুলিশ কমিশনারেটও সতর্ক হয়েছে। উত্তরপাড়া, শ্রীরামপুর, বৈদ্যবাটি-সহ হুগলি ও হাওড়া সংযোগকারী এলাকাগুলিতে নাকা চেকিং চলছে। পুলিশ প্রতিটি গাড়ির ডিকি খুলে পরীক্ষা করছে।
ব্যারাকপুর কমিশনারেটের অধীনেও বড় রাস্তাগুলিতে টহল ও চেকিং বাড়ানো হয়েছে। শীর্ষ পুলিশ অফিসারেরা নিজে পরিস্থিতি খতিয়ে দেখছেন।
উত্তরবঙ্গে, বিশেষ করে শিলিগুড়ি ও জলপাইগুড়িতে নিরাপত্তা ব্যবস্থা আরও বাড়ানো হয়েছে। নেপাল ও বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এলাকাগুলিতে বাড়তি নজরদারি চালাচ্ছে পুলিশ।

