নিজস্ব সংবাদদাতা, আরএনবি: বন্দেমাতরমের ১৫০ বছর পূর্তি উপলক্ষে রাজ্যজুড়ে এক মহা উদ্যোগ নিতে চলেছে পশ্চিমবঙ্গ বিজেপি। আগামী ৭ নভেম্বর শুরু হবে এই বিশেষ কর্মসূচি ‘বন্দেমাতরম পদযাত্রা’। গোটা রাজ্যে একযোগে অনুষ্ঠিত হবে প্রায় ১২০০ পদযাত্রা, যেখানে প্রতিটি পদযাত্রার নেতৃত্ব দেবেন দলের একজন করে বিশিষ্ট নেতা বা জনপ্রতিনিধি।
এই উদ্যোগের মূল উদ্দেশ্য, দেশের প্রতি দেশপ্রেম ও জাতীয় গৌরবের বার্তা আরও বিস্তৃতভাবে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া। বঙ্গ বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্যের প্রত্যেক বিধানসভা এলাকায় স্থানীয় বিধায়ক ও নেতৃবৃন্দের নেতৃত্বে পদযাত্রা অনুষ্ঠিত হবে। সাধারণ মানুষ, যুবসমাজ এবং কর্মী-সমর্থকদের অংশগ্রহণে রাজপথ জুড়ে দেশাত্মবোধের আবহ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।
পদযাত্রা শেষে অংশগ্রহণকারীরা নির্দিষ্ট স্থানে একত্রিত হয়ে সমবেত কণ্ঠে গাইবেন ‘বন্দেমাতরম’। জাতীয় স্তরেও এই উপলক্ষে একাধিক কর্মসূচি গ্রহণ করেছে বিজেপি, যার অঙ্গ হিসেবে বাংলার এই উদ্যোগ বিশেষ তাৎপর্যপূর্ণ। দলের রাজ্য নেতৃত্ব জানিয়েছে, বন্দেমাতরমের ১৫০ বছর পূর্তি শুধু একটি স্মারক মুহূর্ত নয়, বরং দেশের সাংস্কৃতিক ঐক্য ও স্বাধীনতার চেতনার পুনর্জাগরণের প্রতীক।
এই পদযাত্রার মাধ্যমে বিজেপি দেশপ্রেম, ঐক্য ও সাংস্কৃতিক গর্বের বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে চায় এমনটাই দাবি করেছে রাজ্য নেতৃত্ব।

