নিজস্ব সংবাদদাতা,আরএনবি :২৭ অক্টোবর থেকে রাজ্যে শুরু হয়েছে SIR প্রক্রিয়া।সেই সংক্রান্ত বিষয়ে জনস্বার্থ মামলা দায়েরের উদ্যোগ নিলেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। এদিন কলকাতা হাইকোর্টে তিনি এই মামলার অনুমতি চেয়ে আবেদন জানান। তবে হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল জানিয়ে দেন, “অনুমতির কোনও প্রয়োজন নেই, মামলা দায়ের হলে শুনানি হবে।”
মামলায় দাবি করা হয়েছে, SIR এর সময়সীমা বাড়ানো হোক এবং সমগ্র প্রক্রিয়াটি আদালতের নজরদারিতে সম্পন্ন করা হোক। পাশাপাশি কেন্দ্রকে স্পষ্টভাবে জানাতে বলা হয়েছে, কেন এই SIR প্রয়োজন এবং এর উদ্দেশ্য কী।
আবেদনকারী পক্ষের আরও দাবি, ২০০২ সালের সম্পূর্ণ ভোটার তালিকা প্রকাশ করা হোক, যাতে SIR প্রক্রিয়ায় তথ্য যাচাই স্বচ্ছভাবে করা যায়।
সব মিলিয়ে বিষয়টি এখন আদালতের পরবর্তী পদক্ষেপের অপেক্ষায়। আগামী সপ্তাহেই এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

