নিজস্ব সংবাদদাতা,আরএনবি : বাংলার ১০০ দিনের কাজ-সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্পের বকেয়া টাকার মামলায় বড় জয় পেল রাজ্য। সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, বাংলার বকেয়া টাকা দিতে হবে কেন্দ্রকে।
বিচারপতি বিক্রম নাথ ও সন্দীপ মেহতার ডিভিশন বেঞ্চ কেন্দ্রের আবেদনের শুনানিতে বলেন, “আপনারা আবেদন তুলছেন, না কি আমরা খারিজ করব?” অবশেষে আদালত কেন্দ্রের আবেদন খারিজ করে দেয়। ফলে কলকাতা হাইকোর্টের নির্দেশই বহাল থাকল অর্থাৎ, রাজ্যে ১০০ দিনের কাজ প্রকল্পে আটকে থাকা টাকা কেন্দ্রকে ছাড়তে হবে।
রায়ের পরেই কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন,”আজকের রায় বাংলাবিরোধী শক্তির আরেকটি শোচনীয় পরাজয়।বিজেপি যখন রাজনৈতিকভাবে আমাদের হারাতে পারেনি,তখন বাংলার দরিদ্র মানুষকে বঞ্চিত করার চেষ্টা করেছে।কিন্তু বাংলা হার মানেনি।আমরা প্রতিটি ন্যায্য টাকার জন্য লড়ব।”অভিষেক আরও হুঁশিয়ারি দেন, যদি কেন্দ্র দ্রুত বাংলার প্রাপ্য টাকা না দেয়, তবে আবারও দিল্লির বুকে মেগা ধরনা ও আন্দোলনে নামবে তৃণমূল কংগ্রেস।রাজ্যের দাবি, একশো দিনের কাজ-সহ বিভিন্ন প্রকল্পে কেন্দ্রের কাছে এখনো এক লক্ষ কোটি টাকারও বেশি বকেয়া রয়েছে।

