সুইতা পাল, নিজস্ব সংবাদদাতা, আরএনবি : দূর্গা পূজো আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। চারদিকে উৎসবের গন্ধ ছড়িয়ে পড়তেই শহরের বড় বড় হাট, শপিং মল থেকে শুরু করে স্থানীয় বাজার সব জায়গাতেই ক্রেতাদের ভিড়। সকাল থেকে রাত অবধি কেনাকাটা চলছে। জামাকাপড়, গয়না, প্রসাধনী, জুতো ,ইলেকট্রনিক্স সামগ্রী কোনও কিছুর খামতি নেই বাজারে।
পুজোর আগে পরিবারের সকলের জন্য নতুন কিছু কিনে দেওয়ার আনন্দে খুশির আমেজ ছড়িয়েছে ক্রেতাদের।
শহরের বিভিন্ন শপিং মলে পা রাখলেই দেখা যাচ্ছে উপচে পড়া ভিড়। নতুন জামাকাপড় কেনার আনন্দে উচ্ছ্বাসিত ছোট থেকে বড় সকলেই। শিশুদের জন্য নতুন পোশাক বেছে দিচ্ছেন বাবা-মায়েরা, আবার তরুণ-তরুণীরা নিজেদের জন্য ফ্যাশনেবল পোশাক, ট্রেন্ডি জুতো কিংবা কসমেটিক কিনছেন।
স্থানীয় দোকানগুলোতে পুজোর আগে বিক্রিবাট্টা বেড়েছে কয়েকগুণ। দোকানদারদের মুখে খুশির হাসি ফুটে উঠেছে । দীর্ঘদিন ধরে বাজারে মন্দাভাব কাটিয়ে ফের বিক্রিতে গতি এসেছে, এমনটাই জানাচ্ছেন ব্যবসায়ীরা।
বিশেষ করে সন্ধেবেলা ও সপ্তাহান্তের দিনগুলোতে ভিড় সামলানোই দায় হয়ে দাঁড়াচ্ছে ব্যবসায়ীদের। কোথাও চলছে “বাই ওয়ান গেট ওয়ান ফ্রি”, কোথাও আবার দেওয়া হচ্ছে ৩০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট।
পুজোকে সামনে রেখে শুধু বাজার নয়, রাস্তাঘাটও জমজমাট হয়ে উঠছে। শহরের বিভিন্ন জায়গায় যানজট বাড়ছে ক্রেতা ও দর্শনার্থীদের ভিড়ে। তবুও সেই ভিড়কে উপভোগ করেই উৎসবের আনন্দ উপভোগ করছেন মানুষজন।
সব মিলিয়ে, আসন্ন দুর্গাপুজোকে ঘিরে রাজ্যের বাজারগুলোতে এখন উৎসবের আবহ।

