পূজা মাজী, নিজস্ব সংবাদদাতা, আরএনবি:- হুগলি চব্বিশপুর বাসস্ট্যান্ড এলাকায় ভোররাতে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোর প্রায় সাড়ে চারটে নাগাদ চায়ের দোকানে ভয়াবহ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন দোকান মালিক অষ্টাপদ মণ্ডল এবং তাঁর ছেলে প্রসেনজিৎ মণ্ডল। ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ ও দমকল সূত্রে জানা গিয়েছে, দোকানে রাখা গ্যাস সিলিন্ডারটি সারারাত ধরে লিক করছিল। মঙ্গলবার ভোরে দোকান খোলার সময় দেশলাই জ্বালাতেই মুহূর্তের মধ্যে বিস্ফোরণ ঘটে। তীব্র শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে দোকানের ভেতরে রাখা আরও একটি গ্যাস সিলিন্ডারেও লেগে যায়। তবে স্থানীয়দের তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। তাঁদের ঝাঁপসা প্রচেষ্টাতেই আগুন আংশিকভাবে নিয়ন্ত্রণে আসে।
দোকান মালিক অষ্টাপদ মণ্ডল গুরুতরভাবে দগ্ধ হন। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে কলকাতার এসএসকেএম (পিজি) হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। অন্যদিকে, ছেলে প্রসেনজিৎ মণ্ডলকে ভর্তি করা হয়েছে উদয়নারায়ণপুর হাসপাতালে। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর শরীরের একাধিক অংশে গুরুতর আঘাত রয়েছে।
হঠাৎ বিস্ফোরণের শব্দে ভোরের নিস্তব্ধতা ভেঙে যায়। মুহূর্তে স্থানীয়রা ছুটে আসেন। আতঙ্কে বহু মানুষ বাড়িঘর থেকে বেরিয়ে আসেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল বাহিনী। দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে এবং বিস্ফোরণের কারণ নিয়ে তদন্ত শুরু করেছে।
প্রাথমিক অনুমান, সিলিন্ডারের ভাল্বের ত্রুটি অথবা অসতর্কতার কারণেই এই লিকেজ হয়েছিল। ঠিক কোন কারণে গ্যাস সিলিন্ডার ফেটে বিস্ফোরণ ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পর থেকেই এলাকায় টহল বাড়িয়েছে পুলিশ। পাশাপাশি স্থানীয়দের সতর্ক করা হয়েছে গ্যাস সিলিন্ডার ব্যবহারের সময় বাড়তি সাবধানতা নেওয়ার জন্য।
এই দুর্ঘটনা আবারও সামনে আনল, গ্যাস সিলিন্ডারের নিরাপত্তা এবং ব্যবহারের সময় সচেতনতার বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ। বর্তমানে আক্রান্ত পরিবার ও স্থানীয়রা প্রশাসনের তরফে দ্রুত ক্ষতিপূরণ এবং যথাযথ সহায়তার দাবি জানাচ্ছেন।

