সুইতা পাল, নিজস্ব সংবাদদাতা, আরএনবি : পুজো ঘনিয়ে আসতেই কুমোরপাড়ায় শুরু হয়েছে প্রতিমা তৈরির ব্যস্ততা। কিন্তু উৎসবের আমেজের আড়ালে বাড়ছে প্রতিমাশিল্পীদের দুশ্চিন্তা।
প্রতিমা তৈরির জন্য প্রয়োজনীয় কাঁচামালের দাম আকাশছোঁয়া হয়েছে।মাটি, বাঁশ, খড়, রঙ সব কিছুরই দাম গত কয়েক বছরে অনেক বেড়েছে। অথচ সেই অনুযায়ী দাম বাড়েনি প্রতিমার। পুজো কমিটি বা ব্যক্তিগত পূজোর উদ্যোক্তারা বাজেটের সীমাবদ্ধতার কারণে আগের মত দাম দিতে রাজি নয়। এত কষ্ট করে প্রতিমা করেও লাভের মুখ দেখা যাচ্ছে না অনেকের।
অন্যদিকে, অনেক ছোট পুজো ও পরিবারিক পুজোতে বাজেট কমেছে। কেউ ছোট প্রতিমা নিচ্ছে, কেউ আবার পুরনো প্রতিমা রং করে কাজে লাগাচ্ছে। এতে নতুন প্রতিমার অর্ডারও কমছে।
প্রাকৃতিক সমস্যা ও পিছু ছাড়ছে না।বর্ষাকালে অত্যধিক বৃষ্টির জেরে প্রতিমা শুকতে দেরি হয়, ফেটে যাওয়ার আশঙ্কাও থাকে। সময়মতো প্রতিমা প্রস্তুতি করে ডেলিভারি দেওয়া কুমোরদের জন্য বড় চ্যালেঞ্জ। তার ওপর বাজারে ফাইবার ও পপ-এর প্রতিমার সহজলভ্যতা ঐতিহ্যবাহী মাটির প্রতিমার চাহিদা আরও কমিয়ে দিচ্ছে। ফলে ঐতিহ্যবাহী মাটির প্রতিমা ক্রমে পিছিয়ে পড়ছে বাজারে।
কুমোরদের কথায়, “আমাদের শিল্প ছাড়া পুজো হয় না, অথচ আমাদের দুঃখ-দুর্দশার কথা কেউ ভাবে না।”
গোটা শহর উৎসবের আলো ঝলমলে সাজের আড়ালে তাই কুমোরপাড়ায় এখনও আনন্দের চেয়ে চিন্তার মেঘই বেশি ঘনিয়ে রয়েছে।

