পায়েল পাখিরা, নিজস্ব সংবাদদাতা, হাওড়া:- বর্ষার অতিবৃষ্টি এবার মাছ চাষীদের জন্য আশীর্বাদ নয়, বরং এক বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। টানা বৃষ্টিতে পুকুরগুলোর জলস্তর অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছে। অনেক পুকুরের জল উপচে পড়ছে পাশের জমিতে। এর ফলে মাছ পুকুরের গণ্ডি ছেড়ে বাইরে চলে যাচ্ছে, যা চাষীদের জন্য চরম ক্ষতির কারণ।
অনেক মাছ চাষী বছরজুড়ে কষ্ট করে পোনা মাছ ছেড়ে তাদের খাবার ও পরিচর্যার মাধ্যমে বড় করে তোলেন। কিন্তু বর্ষার এই অনিয়ন্ত্রিত জলবাহারে সব পরিশ্রম মুহূর্তেই পানিতে ভেসে যাচ্ছে। শুধু মাছ হারানো নয়, পুকুরের পাড় ধসে যাওয়ায় ভবিষ্যতের চাষও অনিশ্চিত হয়ে পড়ছে।
এ পরিস্থিতিতে মাছ চাষীরা স্থানীয় প্রশাসনের সাহায্যের আশায় তাকিয়ে আছেন। তাঁরা পুকুর রক্ষা ও জলনিয়ন্ত্রণের জন্য বাঁধ বা জলনিষ্কাশনের উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছেন। সরকার ও সংশ্লিষ্ট দপ্তরের উচিত অবিলম্বে কার্যকরী পদক্ষেপ নেওয়া, যাতে বর্ষা মাছ চাষীদের দুর্দশার কারণ না হয়ে, বরং আশীর্বাদে পরিণত হয়।

