পায়েল পাখিরা, নিজস্ব সংবাদদাতা, হাওড়া:- বিদেশের মাটিতে উড়ল ভারতের তেরঙা, গর্বিত করল হাওড়ার উদয়নারায়ণপুর। আন্তর্জাতিক যোগাসন প্রতিযোগিতা সেকেন্ড থাই কাপ ২০২৫-এ দুর্দান্ত সাফল্য অর্জন করল বর্ষা বেরা। ২৬ জুলাই, শনিবার, ভারতীয় সময় দুপুর ১.৩০-এ থাইল্যান্ডে শুরু হয় এই প্রতিযোগিতা, যেখানে অংশ নেয় মোট আটটি দেশ।
বর্ষা বেরা ‘আটেস্টেটিক ট্র্যাডিশনাল’ এবং ‘মালখম’ বিভাগে নিজের গ্রুপে প্রথম স্থান অধিকার করে। শুধু তাই নয়, প্রতিটি বিভাগে অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে জিতে নেয় স্বর্ণপদক। এরপর প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ‘চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন’-এও বর্ষা সবার শীর্ষে উঠে আসে।
চারটি বিভাগে চারটি সোনার পদক জিতে বর্ষা প্রমাণ করে দিল, গ্রামের মাটিতেও লুকিয়ে থাকে আন্তর্জাতিক মানের প্রতিভা। এই কৃতিত্ব শুধু বর্ষার নয়, গোটা দেশের। বর্ষার এই ঐতিহাসিক সাফল্যে উদয়নারায়ণপুরে উৎসবের আবহ। ভারতের পতাকা বিদেশের আকাশে উড়িয়ে বর্ষা হয়ে উঠল সত্যিকারের ‘সোনার মেয়ে’।

