পায়েল পাখিরা,হাওড়াঃ- নতুন করে বিতর্কের মুখে উত্তর কলকাতার বিজেপি সাংগঠনিক জেলা সভাপতি তমোঘ্ন ঘোষ। অভিযোগ, তিনি দলের গোপন সাংগঠনিক তথ্য ফাঁস করেছেন স্থানীয় তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কাছে। এই অভিযোগ ঘিরে বৃহস্পতিবার বিজেপির এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠকে তীব্র আলোড়ন সৃষ্টি হয়।
সূত্রের খবর, যদিও তমোঘ্ন ঘোষকে এখনই পদচ্যুত করা হয়নি, তবে তাকে ভোটার তালিকা সংশোধনের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে সরিয়ে রাখা হয়েছে। তার পরিবর্তে ওই দায়িত্ব দেওয়া হয়েছে দলেরই প্রবীণ নেতা তাপস রায়কে।
দলীয় সূত্রে জানা যাচ্ছে, গত লোকসভা ভোটের পর বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব প্রত্যেক প্রার্থীকে লিখিত রিপোর্ট দিতে বলেছিল, যেখানে জয় বা পরাজয়ের কারণ বিশ্লেষণ করতে বলা হয়। কলকাতা উত্তরের প্রার্থী তাপস রায় তার রিপোর্টে উল্লেখ করেন, দলের গোপন তথ্য প্রতিপক্ষের হাতে চলে যাওয়ার ফলেই পরাজয় ঘটেছে। এরপরেই তমোঘ্ন ঘোষের বিরুদ্ধে সন্দেহ আরও ঘনীভূত হয়।
উল্লেখযোগ্য, তমোঘ্ন ঘোষ ও সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মধ্যে পারিবারিক ঘনিষ্ঠতা রয়েছে। তমোঘ্নর বাড়ির দুর্গাপুজোয় প্রায়শই দেখা যায় সুদীপবাবুকে, যা আগেও রাজনৈতিক মহলে সমালোচনার বিষয় হয়ে উঠেছিল।
বর্তমানে তমোঘ্নকে সাংগঠনিক কার্যকলাপ থেকে সরিয়ে রেখে দায়িত্ব সামলাচ্ছেন তাপস রায়। একই সঙ্গে উত্তর কলকাতায় আরও গুরুত্বপূর্ণ ভূমিকা দেওয়া হতে পারে মিঠুন চক্রবর্তীকে। প্রসঙ্গত, উত্তর কলকাতা আসনে এখনও পর্যন্ত জয়লাভ করতে পারেনি বিজেপি। এক সময় এই অবাঙালি অধ্যুষিত অঞ্চল বিজেপির শক্ত ঘাঁটি হলেও সাম্প্রতিক নির্বাচনে একাধিকবার পরাজয়ের মুখ দেখতে হয়েছে। তাই আগাম বিধানসভা নির্বাচনের আগে সংগঠন মজবুত করতেই কড়া পদক্ষেপ নিচ্ছে দল।

