সুরোজ ছড়ি, হাওড়া:ঘাটালের তৃণমূল সাংসদ ও অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব, মঙ্গলবার দিলীপ ঘোষের তোলা চ্যালেঞ্জের জবাবে স্পষ্ট জানিয়ে দিলেন— “আমি অযথা কাদা ছোড়াছুড়িতে নেই, বরং চুপচাপ নিজের কাজটা করে যেতে পছন্দ করি।”মঙ্গলবার বিজেপি নেতা ও প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, “দেব ভালো ছেলে, কিন্তু তৃণমূল তাকে ব্ল্যাকমেল করছে। ওকে বলা হয়েছে, ভোটে না দাঁড়ালে সিনেমা করতে দেওয়া হবে না। দেবের যদি সাহস থাকে, তাহলে সাংসদ পদ ছেড়ে দেখাক।”
এর জবাবে দেব বলেন, “ঘাটাল মাস্টার প্ল্যান কোনও সহজ কাজ নয়। এটা তিন মাসে সম্ভব না। লোকসভা ভোটের আগে যখন আমি রাজনীতি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলাম, তখন দিদি (মমতা বন্দ্যোপাধ্যায়) আমাকে ডেকে বলেন, মাস্টার প্ল্যান বাস্তবায়ন হলে তবেই ভোটে দাঁড়াতে। পরে রাজ্য সরকার ৭০০ কোটি টাকা মঞ্জুর করে কাজ শুরু করে।”
দেব আরও বলেন, “আমি ঘাটালের প্রথম সাংসদ নই। এর আগেও সাতবার সাংসদ ছিলেন গুরুদাস দাশগুপ্ত। মাস্টার প্ল্যান বাস্তবায়ন এত সহজ হলে এত বছর লাগত না। আমি রাজনীতির লোক না হয়েও যা কাজ করেছি, রাজনীতিকদের অনেকেই সেটা করতে পারেননি।”
সবশেষে দেব বলেন, “কে কী বলল, তাতে আমি কান দিই না। মানুষ জানে আমি কাজ করছি। অযথা বিতর্কে যেতে চাই না। কাদা ছোড়াছুড়ির রাজনীতি আমার পছন্দ নয়।”

