পায়েল পাখিরা, নিজস্ব সংবাদদাতা, কলকাতা:- টিটাগড় রেল সিস্টেম লিমিটেড সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে প্রায় ৪০ একর জমি ৯৯ বছরের জন্য লিজে নিয়েছে। এই জমি হুগলির কোতরং ও ভদ্রকালি অঞ্চলে অবস্থিত।
এই জমি ইজারা নিয়ে টিটাগড় রেল রাজ্যে তাদের শিল্প সম্প্রসারণের পথ প্রশস্ত করল। বর্তমানে উত্তরপাড়ায় তাদের একটি কারখানা রয়েছে, যা প্রায় ৩৪ একর জায়গা জুড়ে বিস্তৃত। নতুন জমি পাওয়ায় বন্দে ভারত ও মেট্রো রেক উৎপাদনে আরও গতি আসবে বলে মনে করা হচ্ছে।
১২ জুলাই, রাজ্য সরকার ও টিটাগড় রেল সংস্থার মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। ইজারা বাবদ সংস্থাকে মোট ১২৬.৬৩ কোটি টাকা দিতে হবে।
টিটাগড় রেলের তরফে জানানো হয়েছে, এই নতুন জমি মূলত উৎপাদন ক্ষমতা বাড়াতে ব্যবহৃত হবে। বিশেষ করে মেট্রো কোচ ও বন্দে ভারত ট্রেনের রেক তৈরির কাজে জমির ব্যবহার হবে।
২০২৮ আর্থিক বছরের মধ্যে তারা বছরে ৮৫০টি রেক তৈরির লক্ষ্যমাত্রা স্থির করেছে, যেখানে বর্তমানে বছরে তৈরি হয় প্রায় ৩০০টি রেক।
এই উদ্যোগের ফলে বাংলায় রেল উৎপাদন শিল্পে নতুন দিশা আসবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

