সুরোজ ছড়ি,নিজস্ব সংবাদদাতা,কলকাতা: আমেরিকার ইউটা প্রদেশের স্প্যানিশ ফর্ক এলাকায় ইসকনের শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে ভয়াবহ গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। ইসকন কর্তৃপক্ষের দাবি, দুষ্কৃতীরা মন্দির লক্ষ্য করে অন্তত ২০ থেকে ৩০টি গুলি চালায়। গুলিগুলি মন্দিরের দেওয়াল ও জানালার কাচ ভেঙে দেয়।
হামলার সময় মন্দিরের ভিতরে বহু ভক্ত উপস্থিত ছিলেন। সৌভাগ্যবশত কেউ গুরুতরভাবে আহত হননি, তবে ইসকনের দাবি, এই ঘটনায় মন্দিরের কয়েক হাজার ডলারের ক্ষতি হয়েছে।ঘটনার পরপরই কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। সান ফ্রান্সিস্কোতে অবস্থিত ভারতীয় কনস্যুলেট এক বিবৃতিতে জানায়,> “ইউটার স্প্যানিশ ফর্কে অবস্থিত ইসকনের মন্দিরে গুলিবর্ষণের ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি ও তীব্র নিন্দা জানাচ্ছি।
কনস্যুলেট ভক্ত ও হিন্দু সম্প্রদায়ের প্রতি সম্পূর্ণ সহমর্মিতা প্রকাশ করছে। একইসঙ্গে স্থানীয় প্রশাসনকে আহ্বান জানানো হয়েছে যাতে দোষীদের দ্রুত শনাক্ত করে বিচারের আওতায় আনা হয়।”এই বিদ্বেষমূলক হামলার ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি স্থানীয় পুলিশ। তদন্ত চলছে।উল্লেখ্য, এর আগেও আমেরিকার বিভিন্ন জায়গায় হিন্দু মন্দিরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। তবে গুলি চালানোর মতো এমন সহিংসতা সাম্প্রতিককালে খুবই বিরল।

