পায়ের পাখিরা,নিজস্ব সংবাদদাতা, কলকাতা:- কলকাতা হাইকোর্টের অন্তর্বর্তী রায়ের মাধ্যমে রাজ্য সরকারকে জানানো হয়েছে যে, চাকরিহারা গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের ২৬ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত কোনও ভাতা প্রদান করা যাবে না। শুক্রবার বিচারপতি অমৃতা সিনহা এই নির্দেশ দেন।
বিচারপতি আদালতের রায়ে বলেন, মামলার পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত রাজ্য সরকারের ভাতা প্রদান স্থগিত থাকবে। রাজ্য সরকারকে চার সপ্তাহের মধ্যে হলফনামা জমা দিতে হবে, এবং মামলাকারী পক্ষ দুই সপ্তাহের মধ্যে তার জবাবি হলফনামা প্রদান করবে।
২০১৬ সালে এসএসসি নিয়োগ দুর্নীতির কারণে গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীরা চাকরি হারান। সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্য সরকার তাদের বরখাস্ত করতে বাধ্য হয়। এর পরই, গত ১৫ মে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাকরিহারা কর্মীদের জন্য মাসিক ২৫ হাজার ও ২০ হাজার টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেন। তবে সুপ্রিম কোর্টের নির্দেশে এই ভাতা ঘোষণা নিয়ে প্রশ্ন ওঠে, বিশেষ করে রাজ্য সরকার কীভাবে ভাতা প্রদান করতে পারে, তা নিয়ে সন্দেহ রয়েছে।
এই মামলার শুনানিতে আদালত রাজ্যকে প্রশ্ন করেছেন, “ভাতা দিয়ে রাজ্য সরকারের কী লাভ? কেন কাউকে বসিয়ে রেখে ভাতা দেওয়া হবে? একের পর এক রিভিউ পিটিশন জমা পড়লে, তারা বসে বসে ভাতা পেতে থাকবে?”

