পায়ের পাখিরা,নিজস্ব সংবাদদাতা, কলকাতা:- দুর্নীতি সংক্রান্ত অভিযোগের জেরে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা পশ্চিমবঙ্গের ১০০ দিনের কাজ প্রকল্পে ফের আশার আলো দেখাল কলকাতা হাইকোর্ট। বুধবার এক জনস্বার্থ মামলার শুনানিতে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞনমের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, কেন্দ্র প্রয়োজনমতো শর্ত বসিয়ে আগামী ১ অগাস্ট থেকে রাজ্যে এই প্রকল্প ফের চালু করতে পারবে। এমনকী, জব কার্ডধারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি মজুরি পাঠানোর পথও খুলে দিয়েছে আদালত।
আদালতের পর্যবেক্ষণ, দুর্নীতির অভিযোগ থাকা মানেই কোনও কেন্দ্রীয় প্রকল্প দিনের পর দিন বন্ধ রাখা যুক্তিযুক্ত নয়। তদন্তে যে পরিমাণ টাকা পুনরুদ্ধার হয়েছে, তা নির্দিষ্ট তহবিলে জমা রয়েছে। সেই পরিপ্রেক্ষিতে কাজ বন্ধ না রেখে নতুন নিয়মে আবার চালু করা যেতেই পারে।
এই রায় সামনে আসতেই রাজনীতির পারদ চড়েছে। তৃণমূল কংগ্রেসের এক মুখপাত্র বলেন, “এই রায় প্রমাণ করে কেন্দ্র পশ্চিমবঙ্গের সাধারণ মানুষকে রাজনৈতিক কারণে অবহেলা করেছে। আমরা দীর্ঘদিন ধরে এই বঞ্চনার প্রতিবাদ করে এসেছি, আদালতের রায় আমাদের বক্তব্যকে মান্যতা দিল।”
অন্যদিকে বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য মন্তব্য করেন, “এই রায়ের ফলে জটিলতা আরও বাড়বে। কেন্দ্র যদি সরাসরি টাকা পাঠাতে চায়, তাহলে তা নজরদারির আওতায় কীভাবে থাকবে? যারা সমীক্ষা চালাতে নামবেন, তারা এই শাসকদলের রক্তচক্ষুর সামনে কতটা নিরাপদ থাকবেন, সেটাও বড় প্রশ্ন।”
যদিও রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেও আদালতের রায় বহু দিন মজুরি না পাওয়া গ্রামীণ শ্রমজীবী মানুষের কাছে স্বস্তির বার্তা বয়ে আনছে বলেই মনে করছে নানা মহল।

