সায়ন্তন মণ্ডল,নিজস্ব সংবাদদাতা,হাওড়া; শনিবার সাতসকালে দক্ষিণ ২৪ পরগনার কুলতলির দেউলবাড়ি গ্রামে ধানজমিতে টাটকা বাঘের পায়ের ছাপ দেখে আতঙ্ক ছড়ায় এলাকায়। বাঘের আতঙ্কে জমিতে কাজে যাওয়া বন্ধ করে দেন এলাকাবাসী, এমনকি ঘর থেকে বেরোনো পর্যন্ত বন্ধ করে দেন তারা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন বনদপ্তরের আধিকারিকরা। সাথে সাথেই মানুষজনকে সতর্ক করা হয় বনদপ্তরের তরফে। পুরো জঙ্গল লাগোয়া এলাকাটি জাল দিয়ে ঘিরে ফেলা হয়, তারপর গ্রামবাসীদের সাহায্যে বাঘের অবস্থান চিহ্নিত করে জঙ্গলের ঘন ঝোপের মধ্যে সন্ধ্যার আগে দু’টি খাঁচা পাতা হয়। টোপ হিসেবে খাঁচার মধ্যে রাখা হয় ছাগল। তারপর শুরু হয় দক্ষিণরায়ের আগমনের অপেক্ষা। সারারাত দীর্ঘ অপেক্ষার পর ভোর তিনটে নাগাদ খাঁচার দরজা বন্ধ হবার আকস্মিক শব্দ কানে আসে বনকর্মীদের। আর সাথে সাথেই বাঘের গর্জনে কেঁপে ওঠে গোটা কুলতলি।
খাঁচার ভিতরে দেখা যায় একটি পূর্ণবয়স্ক রয়্যাল বেঙ্গল টাইগার। টোপ দেওয়া ছাগলটি তখনও খাঁচার এক প্রান্তে। বন দফতরের তরফে দ্রুত ব্যবস্থা নিয়ে বাঘটিকে একটি নৌকায় তোলা হয়। সূত্রের খবর, বাঘটির শারীরিক পরীক্ষা করে সে জঙ্গলে ফিরতে উপযুক্ত কি না তা জানার চেষ্টা করা হবে। কেন সে লোকালয়ে ঢুকল, সেটিও খতিয়ে দেখা হবে। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, এলাকায় মাঝেমধ্যেই হরিণ বা শিয়াল ঢুকে পড়ে। কিন্তু, রয়্যাল বেঙ্গল টাইগারের উপস্থিতি শেষ কয়েক বছরে প্রথম। বনকর্মীদের একাংশের অনুমান, নদী পেরিয়ে বাঘটি এসেছে সুন্দরবন থেকেই।

