নিজস্ব সংবাদদাতা, আরএনবি : উলুবেড়িয়ায় ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা। বুধবার গ্রামীণ হাওড়ার রাজাপুর থানার অন্তর্গত বেলতলা এলাকায় ১৬ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে। কোলাঘাটমুখী লেন দিয়ে যাওয়ার সময় একটি লরি যান্ত্রিক ত্রুটির কারণে হঠাৎই দাঁড়িয়ে পড়ে। ঠিক সেই সময় পিছন থেকে আসা একটি পাথর বোঝাই লরি দাঁড়িয়ে যায়। এরপর আরও পিছন থেকে আসা একটি কনটেনার সজোরে পাথর বোঝাই লরির পিছনে ধাক্কা মারে।
ধাক্কার জেরে পাথর বোঝাই লরিটি দুমড়ে-মুচড়ে যায় এবং কনটেনারের চালক ভেতরে আটকে পড়েন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক চালককে মৃত বলে ঘোষণা করেন। এই দুর্ঘটনার ফলে ১৬ নম্বর জাতীয় সড়কের কোলাঘাটমুখী লেনে দীর্ঘ সময় যানজট তৈরি হয়। পরে পুলিশ ক্রেন এনে দুর্ঘটনাগ্রস্ত লরিগুলি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

