সুরোজ ছড়ি,নিজস্ব সংবাদদাতা:অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু বুধবার বলেন, চিন নয়, তিব্বতের সঙ্গে ১২০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে ভারতের। চীন বারবার অরুণাচল প্রদেশকে দক্ষিণ তিব্বত বলে দাবি করে আসছে, এবং সেই দাবি প্রত্যাখ্যান করে মুখ্যমন্ত্রী বলেন, “অরুণাচল প্রদেশের সীমান্ত মূলত তিব্বতের সঙ্গে, চিনের সঙ্গে নয়।”
এছাড়া, পেমা খান্ডু ইয়ারলুং সাংপো (ভারতের ব্রহ্মপুত্র) নদীর ওপর চীনের নির্মিত বিশ্বের বৃহত্তম বাঁধ প্রকল্পকে ‘ওয়াটার বোমা’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, চিনের আচরণ আন্তর্জাতিক জল চুক্তির বিরুদ্ধে এবং তাদের ওপর আস্থা রাখা যায় না। যদি হঠাৎ বাঁধের জল ছেড়ে দেওয়া হয়, তবে অরুণাচলের সিয়াং উপত্যকা পুরোপুরি বিধ্বস্ত হয়ে যাবে, যা আদি উপজাতি ও অন্যান্য সম্প্রদায়ের ওপর বিধ্বংসী প্রভাব ফেলবে।
মুখ্যমন্ত্রী আরও বলেন, “১৯৫০ সালে চিন তিব্বত জোর করে দখল করে নেয়, এবং তার পর থেকেই অরুণাচলের সীমান্ত মূলত তিব্বতের সঙ্গে,” এমনটাই তাঁর বক্তব্য। তিনি কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা করে সিয়াং আপার মাল্টিপারপাস প্রকল্পের রূপরেখা তৈরি করেছেন, যার উদ্দেশ্য চিনের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক প্রস্তুতি নেওয়া।
“চিনকে রাজি করানো কঠিন, তাই আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে হবে,” বললেন পেমা খান্ডু।

