নিজস্ব সংবাদদাতা,আরএনবি: হুগলি জেলার ডানকুনিতে ভোটার তালিকা ঘিরে চাঞ্চল্য।ডানকুনির একাধিক বুথে অস্তিত্বহীন ও অসঙ্গতিপূর্ণ ভোটারের সন্ধান মিলেছে বলে অভিযোগ।প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে,মোট তিনটি বুথে বিপুল সংখ্যক ভোটারের তথ্য নিয়ে প্রশ্ন উঠেছে।বিষয়টি খতিয়ে দেখতে শুনানির জন্য ৩০০ জনেরও বেশি ভোটারকে ডাকার প্রস্তুতি নেওয়া হয়েছে।সূত্রের খবর, ডানকুনির ২৭৭ নম্বর বুথে সবচেয়ে বেশি অসঙ্গতি ধরা পড়েছে।এই বুথে ১১৭ জনেরও বেশি ভোটারকে শুনানির জন্য ডাকা হতে পারে। পাশাপাশি ২৭৮ নম্বর বুথে প্রায় ৫৫ জন ভোটারকে শুনানির মুখোমুখি হতে হতে পারে বলে জানা গেছে।
এছাড়াও ডানকুনির ২৭৯নম্বর বুথে ভোটার তালিকায় বড়সড় গরমিল ধরা পড়েছে।এখানে ১৫০ জনেরও বেশি ভোটারকে শুনানির জন্য ডাকার সম্ভাবনা রয়েছে।অভিযোগ অনুযায়ী,সংশ্লিষ্ট বুথগুলিতে বহু ভোটারের ঠিকানা,পরিচয় কিংবা অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠেছে।
প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে,এই তিনটি বুথ মিলিয়ে মোট ১১২৭ জনেরও বেশি ভোটার তালিকাভুক্ত ছিলেন।তবে যাচাই-বাছাইয়ের পর তাঁদের একটি বড় অংশের অস্তিত্ব নিয়ে সন্দেহ তৈরি হয়েছে।নির্বাচন কমিশনের নির্দেশে ইতিমধ্যেই প্রাথমিক তদন্ত শুরু হয়েছে এবং প্রয়োজনে একে একে সংশ্লিষ্ট ভোটারদের নথি যাচাই করা হবে।
ভোটার তালিকায় এই ধরনের অসঙ্গতি সামনে আসায় রাজনৈতিক মহলেও শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া।বিরোধীদের অভিযোগ,ইচ্ছাকৃতভাবে ভুয়ো ভোটার ঢুকিয়ে নির্বাচনী প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে। যদিও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে খতিয়ে দেখা হবে এবং প্রমাণ মিললে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।ডানকুনির এই ঘটনাকে ঘিরে আগামী দিনে আরও বড় তদন্তের সম্ভবনা তৈরি হয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

