সানন্তন মন্ডল, নিজস্ব সংবাদদাতা, হাওড়া: উদয়নারায়ণপুরে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে গতকাল এক গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয়। স্থানীয় বিডিও কার্যালয়ে আয়োজিত এই বৈঠকে এলাকার সমস্ত পূজা উদযাপনকারী ক্লাবগুলির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রশাসনের পক্ষ থেকেও বৈঠক ছিল যথেষ্ট তাৎপর্যপূর্ণ- পুলিশ প্রশাসনের আধিকারিক, স্থানীয় বিধায়ক, পঞ্চায়েত সমিতির সভাপতি-সহ-সভাপতি, বিদ্যুৎ দপ্তরের কর্মী, দমকল বিভাগের প্রতিনিধি এবং অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা উপস্থিত থেকে পূজাকে শান্তিপূর্ণ ও নিরাপদ করার আহ্বান জানান।
প্রথমেই পূজা কমিটিগুলিকে সরকারি অনুদান গ্রহণের জন্যে আবেদন পদ্ধতি সম্পর্কে অবহিত করা হয়। পাশাপাশি জানানো হয়, দুর্গাপূজার সময়ে ভিড় নিয়ন্ত্রণ, নিরাপত্তা ব্যবস্থা, অগ্নি নির্বাপণ এবং বিদ্যুৎ সংযোগ নিয়ে প্রশাসন ও ক্লাবগুলির মধ্যে সমন্বয় বজায় রাখতে হবে। দমকল বিভাগের এক আধিকারিক এদিন বলেন, “প্রতিটি প্যান্ডেলে অগ্নিনির্বাপণ যন্ত্র রাখা আবশ্যক, এবং জরুরি পরিস্থিতির জন্য স্বেচ্ছাসেবকদের প্রস্তুত থাকতে হবে।” বিদ্যুৎ দপ্তরের প্রতিনিধিরা জানান, প্যান্ডেল সাজানোর সময়ে বিদ্যুতের সংযোগে যাতে কোনও রকম অনিয়ম না হয়, সে বিষয়ে বিশেষ সতর্ক থাকতে হবে। তারা পরামর্শ দেন, অতিরিক্ত লোড নেওয়া তার বা অননুমোদিত সংযোগ ব্যবহার করা যাবে না। বিডিও সাহেব বিশেষভাবে বলেন, “প্রতিটি প্যান্ডেলে ডেঙ্গু প্রতিরোধ ও প্লাস্টিক বর্জনের বিষয়ে সচেতনতার জন্য ব্যানার টাঙানো বাধ্যতামূলক। এছাড়া প্যান্ডেলের আশপাশ পরিষ্কার রাখতে হবে, যাতে জমা জলে মশার প্রজনন না হয়।” তিনি আরও জানান, পরিবেশবান্ধব উপকরণ ব্যবহার করতে ক্লাবগুলিকে উৎসাহ দেওয়া হবে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পূজা মণ্ডপগুলিতে সিসিটিভি ক্যামেরা বসানো, যথেষ্ট আলোর ব্যবস্থা রাখা এবং ট্রাফিক নিয়ন্ত্রণে সহযোগিতা করার পরামর্শ দেওয়া হয়। আইনশৃঙ্খলা রক্ষায় ভলান্টিয়ারদের সঙ্গে পুলিশের সমন্বয়ের ওপরও জোর দেওয়া হয়। সভায় উপস্থিত বিধায়ক ক্লাবগুলিকে আশ্বাস দেন, পূজার সময়ে যেকোনও প্রয়োজন হলে প্রশাসন সবসময় পাশে থাকবে। পাশাপাশি তিনি সমাজসেবামূলক কর্মকাণ্ডেও ক্লাবগুলিকে এগিয়ে আসার আহ্বান জানান।
সভা শেষে ক্লাবগুলির প্রতিনিধিরা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানান এবং প্রতিটি নির্দেশিকা মেনে চলার প্রতিশ্রুতি দেন। সব মিলিয়ে এবারের দুর্গাপূজাকে কেন্দ্র করে নিরাপত্তা, পরিবেশ ও স্বাস্থ্য সচেতনতার বিষয়ে বিশেষ জোর দিয়ে প্রস্তুতি শুরু হয়ে গেল উদয়নারায়ণপুরে।

