পায়েল পাখিরা, হাওড়া:- ২১ জুলাই তৃণমূল কংগ্রেসের শহিদ দিবসের সমাবেশের দিন অন্য পথে হাঁটলেন মুর্শিদাবাদের এক তৃণমূল নেতা। সমাবেশে অংশ না নিয়ে নিজের বাড়িতেই জুয়ার আড্ডা বসিয়েছিলেন বহরমপুরের মণীন্দ্রনগর অঞ্চলের তৃণমূল সভাপতি বলাই দত্ত। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাতে সেখানে হানা দেয় বহরমপুর থানার পুলিশ। হাতেনাতে ধরা পড়েন বলাই দত্ত-সহ আরও সাতজন। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় দু’লক্ষ টাকা নগদ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই তৃণমূল নেতা কর্মী-সমর্থকদের গাড়িতে করে কলকাতার ধর্মতলায় পাঠিয়ে নিজে রয়ে যান বানজেটিয়ার বাড়িতে। সেখানেই বসে জুয়ার আসর। এলাকাবাসীদের অভিযোগ, এটি কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। দীর্ঘদিন ধরেই বলাই দত্তের বাড়িতে নিয়মিতভাবে জুয়া খেলার অভিযোগ রয়েছে। পরিচিত-অপরিচিত লোকজনের যাতায়াত ছিল নিত্যদিনের ঘটনা। কিন্তু রাজনৈতিক পরিচয় ও প্রভাবের জন্য কেউই প্রকাশ্যে প্রতিবাদ করার সাহস পাননি।
বলাই দত্ত বহরমপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ও তৃণমূল নেতা আইজুদ্দিন মণ্ডলের ঘনিষ্ঠ বলেও দাবি করেছেন অনেকেই। স্থানীয় বাসিন্দা অনীক দাস জানিয়েছেন, ‘তার রাজনৈতিক পরিচয়ের কারণেই এতদিন কেউ কিছু বলেনি। তবে এই ঘটনার পর পুলিশ যে ব্যবস্থা নিয়েছে, তাতে আমরা যথেষ্ট খুশি।’
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত আটজনকে মঙ্গলবার বহরমপুর এসিজিএম আদালতে পেশ করা হয়েছে। এলাকায় এই ঘটনাকে ঘিরে আলোড়ন তৈরি হয়েছে।

