পূজা মাজী, নিজস্ব সংবাদদাতা- কলকাতা; তৃণমূলের বৈঠকে বন্যাত্রাণ বিলি নিয়ে গোষ্ঠীসংঘর্ষ হয়। সোমবার এই ঘটনায় আহত হয়েছে ৫ জন। যদিও স্থানীয় বিধায়ক মন্টুরাম পাখিরা দাবি করেন, আক্রমণকারীরা তৃণমূলের কেউ নয়।
স্থানীয়দের মতে , সোমবার কাকদ্বীপে নিম্নচাপের জেরে ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিলি করা নিয়ে তৃণমূলের বৈঠক ছিল। বৈঠক চলাকালীনই ২ পক্ষের মধ্যে ব্যাপক বচসা বেঁধে যায়। অভিযোগ, স্থানীয় জেলা পরিষদের সদস্যার গোষ্ঠীর সদস্যদের ব্যাপক মারধর করে, জেলা তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি দেবাশিস দাসের গোষ্ঠীর লোকেরা। রীতিমতো যুদ্ধক্ষেত্রে পরিণত হয় এলাকা। এই ঘটনায় গুরুতর আহত ৫জনকে উদ্ধার করে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
তবে এই ঘটনাকে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ বলে মানতে নারাজ স্থানীয় বিধায়ক মন্টুরাম পাখিরা। তাঁর দাবি, ‘মারধর যারা করেছে তারা কেউ তৃণমূলের লোক নয়। এরা অন্যান্য দল করত। এদের মধ্যে অধিকাংশ গত নির্বাচনে ISFএর হয়ে কাজ করেছে। কিছু RSP ও BJPও আছে। আমাদের দলের সঙ্গে এদের কোনও সম্পর্ক নেই।’

