নিজস্ব সংবাদদাতা, আরএনবি :বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কড়া চ্যালেঞ্জ করলেন ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক। পানিহাটির বাসিন্দা প্রদীপ করের আত্মহত্যা নিয়ে শুভেন্দু অধিকারী সম্প্রতি প্রশ্ন তোলেন- তাঁর ডান হাতের চারটি আঙুল না থাকলে কীভাবে তিনি সুইসাইড নোট লিখলেন? এই মন্তব্য ঘিরে শুরু হয় বিতর্ক। মৃতের পরিবারও শুভেন্দুর মন্তব্যের তীব্র বিরোধিতা করেছেন।
শনিবার পার্থ ভৌমিক বলেন, ”শুভেন্দু অধিকারী কথায়-কথায় আদালতে যান। সাহস থাকলে এবারও মামলা করুন। যদি প্রমাণ হয় সুইসাইড নোট প্রদীপ করের লেখা নয়, আমি সাংসদ পদ ছেড়ে দেব এবং রাজনীতি থেকে সরে দাঁড়াব।”
তিনি আরও বলেন, “আর যদি প্রমাণ হয় সুইসাইড নোটটি সত্যিই প্রদীপ করের লেখা, তাহলে শুভেন্দু অধিকারীকে প্রকাশ্যে বিজেপির হয়ে হাতজোড় করে ক্ষমা চাইতে হবে।”
তৃণমূল অভিযোগ করেছে, আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বিজেপি ইলেকশন কমিশনকে কাজে লাগিয়ে ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা করছে এস আই আর প্রক্রিয়ার মাধ্যমে ঘুরপথে এনআরসি চালুর চক্রান্ত করছে।
বারাকপুর পুলিশ কমিশনারেট ইতিমধ্যেই প্রদীপ করের সুইসাইড নোটের হস্তাক্ষর পরীক্ষার জন্য বিশেষজ্ঞদের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে। শনিবার রাত পর্যন্ত শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে পার্থ ভৌমিকের চ্যালেঞ্জের জবাব মেলেনি।

