সংবাদদাতা ,আর আন বি :-সারদা চিটফান্ড কাণ্ডে ফের এক বড় মোড়। আদালতের পর্যবেক্ষণে স্পষ্ট হয়েছে, দেবযানী মুখোপাধ্যায় ও সারদা গ্রুপের কর্ণধার সুদীপ্ত সেন বেকসুর খালাস পাচ্ছেন না। তদন্তকারী সংস্থার পেশ করা চার্জশিট ও নথিপত্রে উঠে এসেছে বিপুল আর্থিক তছরুপের অভিযোগ, যা থেকে আদালত প্রাথমিকভাবে সন্তুষ্ট হয়েছে।
২০১৩ সালে দেশের অন্যতম বড় আর্থিক কেলেঙ্কারি হিসেবে সামনে আসে সারদা চিটফান্ড কাণ্ড। লক্ষ লক্ষ সাধারণ বিনিয়োগকারীকে উচ্চ সুদের লোভ দেখিয়ে অর্থ সংগ্রহের পর তা আত্মসাৎ এর অভিযোগ ওঠে। কোটি কোটি টাকা ভুয়ো প্রকল্পের নামে তুলে নেওয়া হয়েছিল বলে দাবি করেছে সিবিআই। এ ঘটনায় বহু রাজনৈতিক নেতার নামও জড়ায়।
তদন্তকারী সংস্থা জানায়, সারদা গ্রুপের আর্থিক লেনদেনে দেবযানী মুখোপাধ্যায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন। নথি জালিয়াতি থেকে শুরু করে অবৈধভাবে ফান্ড ট্রান্সফার—সবেতেই তাঁর সক্রিয় যোগাযোগ আছে বলে দাবি সিবিআই-এর। অন্যদিকে, কর্ণধার সুদীপ্ত সেন গোটা চক্রের মূল মাথা। তিনি বিনিয়োগকারীদের টাকার অপব্যবহার করে তা ব্যক্তিগত ব্যবসা, সম্পত্তি কেনা ও রাজনৈতিক লবি তৈরিতে ব্যবহার করেছেন বলে অভিযোগ।
আলিপুর আদালত স্পষ্ট জানায়, প্রাথমিক পর্যায়ে পাওয়া তথ্যপ্রমাণ যথেষ্ট গুরুতর। তাই দেবযানী মুখোপাধ্যায় ও সুদীপ্ত সেন বেকসুর খালাসের দাবি আদালত খারিজ করেছে। অর্থাৎ মামলা থেকে মুক্তি এখনই মিলছে না। বরং তাঁদের বিরুদ্ধে পরবর্তী ধাপে বিচারপ্রক্রিয়া চলবে।
ভুয়ো প্রকল্পে বিপুল অঙ্কের অর্থ ঢোকানো হয়েছে।
বিনিয়োগকারীদের টাকা দিয়ে বিলাসবহুল সম্পত্তি ক্রয় ও বিদেশ সফরের খরচ বহন করা হয়েছে।
ফান্ড ট্রান্সফারের বেশ কয়েকটি নথি ও ব্যাঙ্ক স্টেটমেন্টে জালিয়াতির প্রমাণ মিলেছে।
রাজনৈতিক লবির জন্য বিপুল পরিমাণ অর্থ ব্যবহারের ইঙ্গিত পাওয়া গেছে।
মামলার শুনানি এখন চলবে নিয়মিত। আদালত নির্দেশে অভিযুক্তদের বিরুদ্ধে প্রমাণ খতিয়ে দেখা হবে এবং সাক্ষীদের বয়ান নেওয়া হবে। তদন্তকারী সংস্থার দাবি, আরও কিছু গুরুত্বপূর্ণ নথি হাতে আসতে চলেছে , যা এই মামলার গতিকে সচল করবে ।
সারদা কাণ্ডে এখনও পর্যন্ত বহু গ্রাহক তাঁদের টাকা ফেরত পাননি। ফলে আদালতের এই সিদ্ধান্ত বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে আশার আলো জাগিয়েছে যে, দোষীদের শাস্তি অবশ্যই হবে। কিন্তু শুধু কি দোষীরা শাস্তি পেলেই সন্তুষ্ট থাকা যাবে ,নাকি প্রাপ্য টাকা ফেরত দেবার দাবিও ওঠে।এখন দেখা যাক এটা নিছকই কথার কথা না বাস্তবে রূপায়িত হয় ।

