নিজস্ব সংবাদদাতা, আরএনবি : আজ শুক্রবার, সকাল বেলায় কলকাতায় ভূমিকম্প অনুভূত হয়েছে। দক্ষিণবঙ্গের বহু জায়গায় কম্পন টের পেয়েছেন মানুষ।
সকাল ১০টা ১০ মিনিটে হঠাৎ কয়েক সেকেন্ড ধরে কম্পন হয়। জানা গেছে,রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.৭ ছিল।
ভূমিকম্পটি হয়েছিল বাংলাদেশের নরসিংদি এলাকায়, যা ঢাকার কাছাকাছি। ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে এর কেন্দ্র ছিল। কেন্দ্র খুব অগভীর হওয়ায় কম্পন বেশ জোরে অনুভূত হয়।
কম্পন টের পেয়ে কলকাতার অনেক বহুতলের বাসিন্দা দ্রুত বাইরে বেরিয়ে আসেন। অফিসের কর্মীরাও ভবন ছেড়ে বাইরে দাঁড়ান। প্রায় ২৯ সেকেন্ড চলা এই কম্পনে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
উত্তরবঙ্গ, পশ্চিমবঙ্গের অন্যান্য জেলা এবং অসমেও ভূমিকম্প অনুভূত হয়েছে।

