পূজা মাজী, নিজস্ব সংবাদদাতা, আরএনবি: রেলযাত্রীদের সুরক্ষা ও অপরাধ দমনেই সদা সতর্ক রেল রক্ষী বাহিনী আর পি এফ। তাদের নিয়মিত টহলদারি চলাকালীন ফের একবার বড় অপরাধের ছক ভেসে এল সামনে। তবে তা সফলভাবে বানচাল করেছেন আরপিএফ। ফলে রক্ষা পেল এক সদ্যোজাত শিশু।
আসানসোল স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মের। সূত্রের খবর, নিয়মিত কর্মরত অবস্থায় আর পি এফ এর এসআই শুভ্রা দে হঠাৎই লক্ষ্য করেন, এক মহিলা কোলে প্রায় ১৫ দিনের একটি শিশু নিয়ে ঘোরাঘুরি করছেন। তার কাছাকাছি একজন পুরুষকেও অস্বাভাবিকভাবে সন্দেহজনক ভঙ্গিতে ঘোরাফেরা করতে দেখা যায়। বিষয়টি প্রথম থেকেই সন্দেহজনক মনে হওয়ায় আরপিএফ আধিকারিকরা তাঁদের জিজ্ঞাসাবাদ শুরু করেন।
প্রাথমিকভাবে প্রশ্নের সন্তোষজনক উত্তর দিতে ব্যর্থ হন ওই মহিলা ও পুরুষ। শিশুটির পরিচয়, বাবা–মা বা সঙ্গে থাকার কারণ নিয়ে তাঁদের কথার মধ্যে স্পষ্ট অসঙ্গতি ধরা পড়ে। পরে মামলার সঙ্গে যুক্ত আরও এক মহিলাকেও চিহ্নিত করা হয়। তাঁকেও জিজ্ঞাসাবাদ করা হলে দেখা যায়, তাঁর বক্তব্যও বাকিদের সঙ্গে মেলেনি। তিনজনের বক্তব্যে পরস্পরবিরোধী তথ্য উঠে আসতেই স্পষ্ট হয়, এর নেপথ্যে শিশু পাচারের যোগ থাকতে পারে।
আরপিএফ এর পক্ষ থেকে তৎক্ষণাৎ অভিযুক্তদের আটক করা হয় এবং গোটা বিষয়টি রেলের শীর্ষ কর্তৃপক্ষ ও স্থানীয় থানাকে জানানো হয়। শিশু পাচারের চক্র ভাঙার জন্য ইতিমধ্যেই মামলার তদন্ত শুরু করেছে পুলিশ। শিশুটিকে নিরাপদে উদ্ধার করে শিশু সুরক্ষা দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে।
আরপিএফ–এর এক আধিকারিক জানিয়েছেন, “আমরা নিয়মিত টহল দিই বলেই এই ধরনের অপরাধ বারবার ভেসে আসছে। সময়মতো ব্যবস্থা না নিলে শিশুটি কোথায় বিক্রি হয়ে যেত, তা ভেবেই আতঙ্ক হচ্ছে।”
এই ঘটনার জেরে ফের একবার প্রমাণিত হল, রেলপথকে ব্যবহার করে সক্রিয় পাচারচক্র এখনও কাজ করছে। তবে সতর্ক নজরদারির ফলে বড় বিপদ এড়ানো গেল।

