নিজস্ব সংবাদদাতা,আরএনবি: শারদোৎসবের আগে শহরে ডেঙ্গি পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন কলকাতা পুরসভা। পুজোর সময়ে শহরে ভিড়, জমায়েত এবং আবর্জনার চাপ বাড়ে। সেই সুযোগে মশাবাহিত রোগ ছড়ানোর আশঙ্কা বেড়ে যায়। তাই উৎসবের আগে থেকেই ডেঙ্গি মোকাবিলায় বিশেষ নির্দেশিকা জারি করল কলকাতা পুরসভা।
সূত্রে জানা গিয়েছে, প্রতিটি ওয়ার্ডে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি জমা জল সরানোর ব্যাপারে বিশেষ নজরদারি চালানো হবে। বাড়ি, অফিস, স্কুল, বাজার ও পুজোমণ্ডপ চত্বরে জল যাতে কোথাও জমে না থাকে, তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। মশা নিয়ন্ত্রণে ফগিং ও স্প্রে বাড়ানো হবে। পাশাপাশি, পাড়ায় পাড়ায় স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সচেতনতামূলক প্রচার চালাবেন।
এছাড়াও, কলকাতা পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, কোনও জায়গায় নির্মাণকাজে জল জমে থাকলে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে। যারা নির্দেশ মানবেন না, তাদের বিরুদ্ধে জরিমানা বা আইনি পদক্ষেপও নেওয়া হতে পারে।
এদিন ডেপুটি মেয়র অতীন ঘোষ জানিয়েছেন, “শহরকে ডেঙ্গিমুক্ত রাখতে হলে শুধু পুরসভার উদ্যোগ নয়, নাগরিকদেরও সমান দায়িত্ব নিতে হবে। তাই সকলে যদি সচেতন থাকেন, তাহলে ডেঙ্গি ছড়ানোর ঝুঁকি অনেকটাই কমবে।”
ডেপুটি মেয়র নিজেই বিভিন্ন ওয়ার্ডে হঠাৎ পরিদর্শনে যাবেন বলে খবর। এলাকায় মশা নিয়ন্ত্রণ ব্যবস্থা, নালা-নর্দমার পরিষ্কার ও ফগিং কার্যক্রম তিনি সরেজমিনে খতিয়ে দেখবেন।
পুজোর আগে পুরসভার এই উদ্যোগে সাধারণ মানুষের মধ্যেও সচেতনতা বাড়বে বলে আশা করা হচ্ছে। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, কেবল প্রশাসনের উদ্যোগ নয়, প্রত্যেক নাগরিককেও নিজস্ব বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখার অভ্যাস গড়ে তুলতে হবে।

