নিজস্ব সংবাদদাতা, আরএনবি:রাতের অন্ধকারে গোপন অভিযানে নামল হাওড়া গ্রামীণ জেলার জগৎবল্লভপুর থানার পুলিশ। জানা গেছে, শুক্রবার গভীর রাতে থানার ওসি ওমপ্রকাশ সিংয়ের নেতৃত্বে বড়গাছিয়া ও পাঁতিহাল এলাকার একাধিক চোলাইয়ের ঠেকে হানা দেয় পুলিশ। দীর্ঘদিন ধরেই ওই এলাকাগুলিতে অবৈধভাবে চোলাই তৈরির অভিযোগ উঠছিল।
পুলিশ সেই অস্থায়ী ঠেকগুলি ভেঙে দেয় এবং তাতে আগুন ধরিয়ে দেয়। বিপুল পরিমাণ চোলাই ও মদ তৈরির সরঞ্জাম নষ্ট করে দেওয়া হয়।
পুলিশ সূত্রে খবর, স্থানীয় কিছু দুষ্কৃতী ও চোলাই কারবারিদের বিরুদ্ধে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। অভিযানে কেউ আটক বা গ্রেফতার হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
চোলাই মদের কারবারে লাগাম দিতে জগৎবল্লভপুর থানা পুলিশের এই উদ্যোগে স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে

