সুইতা পাল, নিজস্ব সংবাদদাতা, আরএনবি : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাঝেই ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। বৃহস্পতিবার রাত ১০টা ২০ মিনিট নাগাদ কলা বিভাগের ছাত্র ইউনিয়ন রুম সংলগ্ন পুকুর থেকে উদ্ধার হয় ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী অনামিকা মণ্ডলের দেহ।
সেদিন বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেটের কাছে ‘ড্রামা ক্লাব’-এর আয়োজনে গৌর দাস বাউল ও তাঁর দলের অনুষ্ঠান চলছিল। প্রাক্তনী থেকে বর্তমান পড়ুয়া সকলে মেতে ছিলেন নাচ-গানে। সেই সময়ই নজরে আসে করা বিভাগের ছাত্র ইউনিয়ন রুম সংলগ্ন পুকুরে একজন ভাসছেন। দ্রুত নিরাপত্তারক্ষী ও কিছু ছাত্র ছাত্রীকে টেনে তোলেন। কিন্তু তিনি তখন অচৈতন্য। তাঁকে তড়িঘড়ি একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
জানা গিয়েছে, ইংরেজি বিভাগের ছাত্রী কোন ও হস্টেলে থাকতেন না।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। এখনও পরিষ্কার নয় কীভাবে পুকুরে পড়ে গিয়েছিলেন অনামিকা। বিশ্ববিদ্যালয়ের অনেকেরই ধারণা, অনুষ্ঠান চলাকালীন মাইক বাজছিল বলে তাঁর আর্তনাদ বা সাহায্যের ডাক কেউ শুনতে পাননি।

