সুইতা পাল, নিজস্ব সংবাদদাতা, আরএনবি : মা বলতে আমাদের সবারই হৃদয় এক অনন্য অনুভূতির জায়গা জেগে ওঠে। কিন্তু সেই মাকে যদি প্রতিদিন চোখের সামনে না দেখা যায় দূরে কোথাও থাকতে হয় তাহলে ছোট মনটা যে কতটা কষ্ট পায় তা হাড়ে হাড়ে টের পাচ্ছে আসানসানের পাঁচ বছরের ছোট্ট ছেলে ঐতিহ্য দাশ।
আসানসোলের পাঁচ বছরের ছেলে ঐতিহ্য দাশের এক আবেগঘন চিঠি ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। প্রাইমারি স্কুল শিক্ষিকা মা স্বাগতা পাইনকে বাড়ির কাছে বদলি করে দেওয়ার আবেদন জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখেছে সে, যাতে ছিল না কোনো রাজনৈতিক শুধুই এক শিশুর নিঃস্বার্থ ভালোবাসা আর অসীম অভিমান।
প্রাইমারি স্কুল শিক্ষিকা ২০২১ সালে চাকরিতে যোগ দেওয়ার পর থেকেই উত্তর দিনাজপুরে কর্মরত স্বাগতা পাইন। বাড়ি থেকে প্রায় ৬০০ কিলোমিটার দূরে উত্তর দিনাজপুর কর্মস্থল হওয়ায় পরিবার থেকে দীর্ঘদিন আলাদা থাকেন তিনি। তাই মা দূরে থাকায় মনখারাপ ছোট্ট ঐতিহ্য।
চিঠিতে মুখ্যমন্ত্রীকে ‘প্রিয় মমতা দিদুন’ বলে সম্বোধন করে সে লিখেছে
” আমার নাম ঐতিহ্য দাস। আমার বাড়ি আসানসোল। আমার মা উত্তর দিনাজপুরে প্রাইমারি দিদিমণি। তাই মা আমাদের ছেড়ে ওখানে থাকে। অনেক দিন পর পর বাড়ি আসে। আমি বাবা আর দাদুর সাথে একা থাকি। আমার খুব কষ্ট হয় মাকে ছাড়া। আমি আমার মাকে খুব ভালোবাসি। তুমি তাড়াতাড়ি মাকে বাড়ি পাঠিয়ে দাও। আর যেন আমাকে ছেড়ে না যায়।
ইতি – তোমাদের আদরের ঐতিহ্য।”
স্বাগতা পাইন জানান, বদলির জন্য তিনি ইতিমধ্যেই একাধিক দফতরে আবেদন করেছেন। কিন্তু এখনও পর্যন্ত কোনও সাড়া মেলেনি। অন্যদিকে, ছোট্ট ঐতিহ্য আশাবাদী, তার চিঠির জবাব দেবেন মুখ্যমন্ত্রী। এমনকি মায়ের বদলি হলে আবার ধন্যবাদ জানিয়ে চিঠি লেখার কথাও জানিয়েছে সে।

