সুইতা পাল, নিজস্ব সংবাদদাতা, আরএনবি : আজ মহালয়া- হিন্দু ধর্মাবলম্বীদের জন্য এক গভীর আধ্যাত্মিক দিন। এই দিনে পিতৃপক্ষের পরিসমাপ্তি ঘটিয়ে সূচনা হয় দেবীপক্ষের। মহালয়ার এই পবিত্র দিনে পূর্বপুরুষের উদ্দেশ্যে তর্পণের জন্য সকাল থেকেই হাওড়ার গঙ্গার ঘাটে ভিড় জমেছে হাজার হাজার মানুষের। ভোরবেলা সূর্যোদয়ের আগেই মানুষের ঢল নামে চাদবাড়িঘাট, রামকৃষ্ণপুর ঘাটসহ হাওড়ার বিভিন্ন ঘাটে। সাদা ধুতি-পাঞ্জাবি পরিহিত মানুষ, হাতে তিল, জল, পুষ্প ও কুশ সহকারে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করছেন।
তর্পণকারীদের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে হাওড়া সিভিল পুলিশ এবং সিটি পুলিশের তরফ থেকে নেওয়া হয়েছে কড়া নজরদারি ব্যবস্থা করা হচ্ছে। ড্রোন ক্যামেরার মাধ্যমে চলছে ঘাটগুলোর ওপর নজরদারি। ঘাটে ঘাটে মোতায়েন করা হয়েছে পর্যাপ্ত সংখ্যক পুলিশ কর্মী, যাতে কোনও রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। নদীতে নিযুক্ত রয়েছে বিশেষ নজরদারি দল, যাতে স্নানরত ও তর্পণরত মানুষদের কোনওরকম দুর্ঘটনার সম্মুখীন হতে না হয়।
মহালয়ার এই শুভক্ষণই জানান দেয় মায়ের আগমনী সুরের – রচে যায় এক নতুন প্রত্যাশা, এক নবজাগরণের সূচনা। দেবীপক্ষের আগমন বার্তা নিয়ে ভেসে আসে ঢাকের বাদ্যি।

