সুইতা পাল, নিজস্ব সংবাদদাতা, আরএনবি : বাংলা চলচ্চিত্রের অমর নায়ক, একজন ভারতীয়- বাঙালি চলচ্চিত্র অভিনেতা, চিত্র প্রযোজক, পরিচালক, চিত্রনাট্য কার, সঙ্গীত পরিচালক ও মহানায়ক উত্তম কুমারের জন্মদিন আজ। ১৯২৬ সালের ৩রা সেপ্টেম্বর কলকাতার একটি মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তিনি । আজ তাঁর ৯৯তম জন্মবার্ষিকী। এই দিনে বাংলা চলচ্চিত্র জগৎসহ সারা বাংলাজুড়ে স্মরণ করা হচ্ছে এই কিংবদন্তিকে, যাঁর অভিনয়, ব্যক্তিত্ব ও আবেগ ছুঁয়ে গেছে লক্ষ লক্ষ দর্শকের হৃদয়।
উত্তম কুমার কেবলমাত্র একজন অভিনেতাই নন, ছিলেন একজন সংস্কৃতি-স্রষ্টা। তাঁর ক্যারিয়ারে প্রায় ২০০টিরও বেশি চলচ্চিত্রে কাজ করেছেন, যার মধ্যে উল্লেখযোগ্য সিনেমা হল – হারানো সুর, সাগরিকা, সপ্তপদী, নায়ক, চিরদিনই তুমি যে আমার, অ্যান্টনি ফিরিঙ্গি, অরণ্যের দিনরাত্রি ইত্যাদি। সত্যজিৎ রায়ের ‘নায়ক’ ছবিতে উত্তম কুমারের আত্মজৈবনিক অভিনয় আজও দর্শকদের মুগ্ধ করে।
তাঁর এবং সুচিত্রা সেনের জুটি বাংলা সিনেমার ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়। একসাথে তাঁদের রোমান্টিক রসায়ন আজও বাঙালির মনে রয়ে গেছে এক অনন্য নস্টালজিয়া হয়ে।
আজকের এই দিনে কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে উত্তম কুমারকে স্মরণ করে আয়োজিত হচ্ছে বিশেষ চলচ্চিত্র প্রদর্শনী, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
বিগত প্রজন্মের পাশাপাশি বর্তমান প্রজন্মও উত্তম কুমারের সিনেমা দেখে অনুপ্রাণিত হয়। তিনি প্রমাণ করে গেছেন। সত্যিকারের শিল্পী কখনো মারা যান না, তিনি বেঁচে থাকেন তাঁর শিল্পকর্মের মধ্য দিয়ে।
আজ মহানায়কের জন্মদিনে আমরা কৃতজ্ঞচিত্তে স্মরণ করি বাংলা চলচ্চিত্রের এই ধ্রুবতারাকে।

