সুরোজ ছড়ি,নিজস্ব সংবাদদাতা,কলকাতা: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ভারত ও যুক্তরাষ্ট্র শিগগিরই একটি নতুন বাণিজ্য চুক্তিতে পৌঁছাতে চলেছে, যেখানে শুল্ক (পণ্যে কর) অনেক কম থাকবে। তাঁর মতে, এই চুক্তি উভয় দেশকে নিজেদের বাজারে প্রবেশ এবং ব্যবসায় প্রতিযোগিতা করার সুযোগ করে দেবে।
এক বিবৃতিতে ট্রাম্প বলেন, “আমার মনে হয় আমরা ভারতের সঙ্গে একটি ভিন্ন ধরনের চুক্তি করতে যাচ্ছি। এটি এমন একটি চুক্তি হবে, যেখানে আমরা ভারতের বাজারে ঢুকে প্রতিযোগিতা করতে পারব। এখন পর্যন্ত ভারত বাইরের দেশগুলোকে বাজারে ঢুকতে দেয় না, কিন্তু এবার হয়তো সেটা বদলাবে।”
চলতি বছরের শুরু থেকেই ভারত-যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য আলোচনা চলছিল। গত জুনের গোড়ায় ‘ইউএস-ইন্ডিয়া স্ট্র্যাটেজিক পার্টনারশিপ ফোরাম’-এ মার্কিন বাণিজ্য সচিব হাওয়ার্ড লাটনিকও মন্তব্য করেছিলেন, দুই দেশের মধ্যে একটি চুক্তি খুব শিগগিরই চূড়ান্ত হতে পারে।
এ বিষয়ে ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল ১০ জুন জানিয়েছিলেন, “ভারত ও যুক্তরাষ্ট্র একটি ন্যায্য ও সুষম বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করছে, যা দুই দেশের অর্থনীতির জন্যই উপকারী হবে।”
৪ জুন দিল্লিতে এক উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেয় মার্কিন প্রতিনিধি দল, যার নেতৃত্বে ছিলেন সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চ। এটি ছিল পঞ্চম দফার আলোচনা। প্রথমে সফরটি দুই দিনের হওয়ার কথা থাকলেও তা বাড়িয়ে ১০ জুন পর্যন্ত করা হয়। ওই বৈঠকে শুল্কসহ নানা গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হয়। আলোচনার পরবর্তী রাউন্ড অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে।
বর্তমানে আলোচনার কেন্দ্রে রয়েছে ১০ শতাংশ ‘বেসলাইন’ আমদানি শুল্ক, যা গত ২ এপ্রিল ট্রাম্প প্রশাসন বিশ্বব্যাপী সব দেশের পণ্যের ওপর আরোপ করেছিল। ভারত চাইছে, যুক্তরাষ্ট্র যেন এই শুল্ক সম্পূর্ণভাবে প্রত্যাহার করে। সরকারি সূত্রে জানা গেছে, ভারতীয় পক্ষ স্পষ্ট করেছে যে তারা যুক্তরাজ্যের মডেল অনুসরণে আগ্রহী নয়, কারণ সেখানেও চুক্তি সত্ত্বেও শুল্ক বহাল রয়েছে।
সবশেষে ট্রাম্প বলেন, “আমরা ভারতের সঙ্গে কম শুল্কে একটি চুক্তির দিকে এগোচ্ছি।”

